Tuesday, June 30, 2026
Latestকলকাতা

ধর্মতলায় ২১ জুলাইয়ের সভায় অনুমতি নয়, কালীঘাট ও ঋতব্রত— দুই শিবিরকেই জানাল কলকাতা পুলিশ

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ২১ জুলাই ধর্মতলায় ‘শহিদ দিবস’ উপলক্ষে কোনও রাজনৈতিক সভার অনুমতি দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দিল কলকাতা পুলিশ। লালবাজার সূত্রে জানানো হয়েছে, ধর্মতলার মতো অত্যন্ত ব্যস্ত এলাকায় রাস্তা আটকে কোনও রাজনৈতিক কর্মসূচি করার অনুমতি দেওয়া সম্ভব নয়। এই সিদ্ধান্তের কথা তৃণমূলের কালীঘাট এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের— দুই শিবিরকেই জানিয়ে দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ২১ জুলাই ভিক্টোরিয়া হাউসের সামনে ‘শহিদ দিবস’-এর কর্মসূচি পালনের জন্য পুলিশের কাছে অনুমতি চেয়েছিল তৃণমূলের দুই পক্ষই। তবে অনুমতি মেলার আগেই রবিবার ভিক্টোরিয়া হাউসের সামনে ফিতে দিয়ে জায়গা মাপতে দেখা যায় কুণাল ঘোষ ও দোলা সেন-সহ কালীঘাট শিবিরের নেতাদের। সেই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়।

সোমবার বিধানসভায় বিষয়টি নিয়ে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “ফিতে নিয়ে মাপতে চলে গিয়েছেন! কোথায় সভা করবেন বলে দেব।” পাশাপাশি ব্যঙ্গ করে তিনি আরও বলেন, “আপনাদের সভায় তো লক্ষ লক্ষ লোক হবে। ব্রিগেডে চলে যান! গিয়েছিলেন তো এক বার!”

এদিকে, অনুমতি ছাড়াই রাস্তায় যান চলাচলে বাধা দিয়ে মাপজোক করার অভিযোগে কুণাল ঘোষ ও দোলা সেনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে কলকাতা পুলিশ। তার পরের দিনই ধর্মতলায় ২১ জুলাইয়ের কোনও সভার অনুমতি দেওয়া হবে না বলে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিল লালবাজার।