Tuesday, April 28, 2026
Latestরাজ্য​

‘৪ তারিখের পর দিল্লি থেকে কে বাঁচাতে আসে দেখব’, হুমকি অভিষেকের

কলকাতা ট্রিবিউন ডেস্ক: দ্বিতীয় দফা ভোটের আগে আরামবাগে জনসভা থেকে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি হুমকি দিলেন। তাঁর বক্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে।

পল্লীশ্রী মোড়ে আয়োজিত সভায় অভিষেক বলেন, গত নির্বাচনে আরামবাগ, গোঘাট, খানাকুল, পুরশুরা-সহ একাধিক এলাকায় তৃণমূল পরাজিত হলেও দল ‘উদারতা’ দেখিয়েছে। তবে এবার তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, “৪ তারিখের পর কার কত ক্ষমতা, আর দিল্লি থেকে কে বাঁচাতে আসে, সব দেখা হবে।”

বিরোধী শিবিরকে আক্রমণ করে তাঁর দাবি, সিপিএমের পুরনো ‘সন্ত্রাসী রাজনীতি’ এখন বিজেপির ভিতরেই দেখা যাচ্ছে। 

তিনি বলেন, “আরামবাগের মানুষ এই রাজনীতি মেনে নেবেন না। একইসঙ্গে তৃণমূল না থাকলে এলাকায় উন্নয়ন সম্ভব নয়।” তাঁর কথায়, “যে উন্নয়ন শুরু হয়েছিল, তা এখন থমকে গেছে।”

ভোটের আগে সাধারণ মানুষকে সাহস জোগাতে অভিষেকের বার্তা, “২৮-২৯ তারিখ যদি মানুষ ভয়কে জয় করতে পারেন, তাহলে আরামবাগে শান্তি ফিরবে।”

এরপর আরও কড়া সুরে তিনি বলেন, সাম্প্রতিক হামলার সঙ্গে যুক্তদের ভবিষ্যৎ ‘খুব কঠিন’ হতে চলেছে। ভোটারদের উদ্দেশে তাঁর আহ্বান, “এমনভাবে ভোট দিন, যাতে ৪ তারিখে বিজেপির পতাকা ধরার মতো কেউ না থাকে।”

সভা মঞ্চ থেকে একাধিক প্রতিশ্রুতিও দেন তৃণমূলের এই নেতা। আরামবাগকে পৃথক জেলা করার আশ্বাসের পাশাপাশি নিজের রাজনৈতিক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করেন তিনি। বলেন, “৪ তারিখে মমতা ব্যানার্জি যতই উদার থাকুন, আরামবাগের স্টিয়ারিং আমার হাতেই থাকবে। আমি এতটা উদার নই। খেলা যখন ওরা শুরু করেছে, শেষটা আমি করব।”