Wednesday, April 15, 2026
Latestআন্তর্জাতিক

‘পাকিস্তানে ঢুকে লাদেনকে হত্যা করেছিল আমেরিকা, ভুলে গেলেন?’, রাষ্ট্রপুঞ্জে পাকিস্তানকে ধুয়ে দিল ইসরায়েল

কলকাতা ট্রিবিউন ডেস্ক– মার্কিন যুক্তরাষ্ট্রে ৯/১১ হামলার ২৪তম বার্ষিকী উপলক্ষে গত বৃহস্পতিবার রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে সন্ত্রাসবাদ মোকাবিলা নিয়ে আলোচনার সময় পাকিস্তানকে কড়া আক্রমণ করলো ইজরায়েল। ইজরায়েলের প্রতিনিধি ড্যানি ড্যানন বলেন, “ওসামা বিন লাদেনকে পাকিস্তানে হত্যা করা হয়েছিল। তখন কেউ প্রশ্ন করেনি কেন বিদেশি মাটিতে সন্ত্রাসবাদীকে টার্গেট করা হলো। আসলে প্রশ্ন হওয়া উচিত, কেন এমন একজন সন্ত্রাসবাদীকে আশ্রয় দেওয়া হয়েছিল।”

ড্যানি ড্যাননের বক্তব্যের উত্তরে পাকিস্তানি প্রতিনিধি পাল্টা জবাব দেন। তিনি বলেন, “ইজরায়েল একটি আগ্রাসী শক্তি, যা আন্তর্জাতিক আইন ও রাষ্ট্রসংঘ সনদ নিয়ম ভেঙে সিরিয়া, লেবানন, ইরান ও ইয়েমেনে হামলা চালিয়ে যাচ্ছে। তারা নিজেদেরকে ভুক্তভোগী হিসেবে উপস্থাপন করতে চায়, অথচ বাস্তবে তাদের কার্যকলাপ বিশ্ব শান্তির পরিপন্থী।”

ইসরাইলের প্রতিনিধি ড্যানন বলেন, “যখন অন্যান্য দেশ সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে হামলা চালায়, তখন কেউ প্রতিবাদ করে না। কিন্তু ইজরায়েলের বিরুদ্ধে  অভিযোগ তুলা হয়। মূল কথা হল – ওসামা বিন লাদেন পাকিস্তানে অবস্থান করতেন এবং মার্কিন বাহিনী তাকে হত্যা করেছিল। এটা সত্য, যা পরিবর্তন করা যাবে না।”

২০১১ সালের মে মাসে মার্কিন বিশেষ বাহিনী অভিযান চালিয়ে পাকিস্তানের অ্যাবটাবাদে ওসামা বিন লাদেনকে হত্যা করে। বিন লাদেন ৯/১১ হামলার মূল পরিকল্পনাকারী ছিলেন। এই প্রেক্ষাপটে পাকিস্তান যে সন্ত্রাসবাদের আঁতুরঘর যা ফের একবার আন্তর্জাতিক মঞ্চে উঠে এলো।