নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন সুশীলা কার্কি
কলকাতা ট্রিবিউন ডেস্ক: নেপালের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হলো। নেপালের প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কি শুক্রবার সন্ধ্যায় অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেছেন। রাষ্ট্রপতির অফিস শীতল নিবাসে রাষ্ট্রপতি পৌডেল তাকে শপথ বাক্য পাঠ করান।
সুশীলা কার্কি নেপালের ইতিহাসে প্রথম মহিলা প্রধানমন্ত্রী হলেন। এর মাধ্যমে নারী নেতৃত্বের প্রতি নেপালের সমাজ ও রাজনৈতিক ব্যবস্থায় একটি বড় ধরনের ইতিবাচক দিক ফুটে উঠেছে।
দীর্ঘদিন ধরেই রাজনৈতিক অস্থিরতা ও সংকটের কারণে নেপাল নানা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। এই পরিস্থিতিতে কার্কির সমঝোতা এবং সংহতির পথ খুলে দিতে পারে বলে আশা করা হচ্ছে।
বিশ্লেষকদের মতে, তার বিচারপতি হিসেবে দীর্ঘ অভিজ্ঞতা, নীতিমালা সংরক্ষণ ও সংবিধান প্রণয়ন প্রক্রিয়ায় ভূমিকা এই নতুন দায়িত্ব পালনের জন্য তাকে বিশেষভাবে উপযুক্ত করে তোলে। রাষ্ট্রপতি পৌডেল তার শপথ গ্রহণ অনুষ্ঠানে বলেন, “নেপাল আজ এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হচ্ছে। এই সময়ে দেশের স্থিতিশীলতা, সংবিধান সম্মান ও সুশাসনের প্রতি আমাদের অঙ্গীকার থাকা অত্যন্ত জরুরি।”
দেশজুড়ে এই নতুন অধ্যায় নিয়ে আশা ও উৎফুল্লতা বিরাজ করছে। অনেকেই মনে করছেন, কার্কির রাজনৈতিক ক্ষমতায়ন এবং নেপালের গণতান্ত্রিক উন্নয়নের জন্য এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।


