Tuesday, May 26, 2026
আন্তর্জাতিক

বিশ্ব ব্যাঙ্কের প্রেসিডেন্ট হিসেবে ভারতীয় বংশোদ্ভূত অজয় বাঙ্গাকে মনোনীত করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

কলকাতা ট্রিবিউন ডেস্ক: বিশ্ব ব্যাঙ্কের শীর্ষে এবার ভারতীয় বংশোদ্ভূত অজয় বাঙ্গা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন অজয়ের নাম মনোনীত করেছেন। মাস্টারকার্ডের প্রাক্তন সিইও ছিলেন অজয়।

৬৩ বছরের অজয় বাঙ্গা ভারতীয় আমেরিকান ব্যবসায়ী। তিনি বর্তমানে জেনারেল আটলান্টিকের ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এক বিবৃতিতে বলেছেন, “জলবায়ু পরিবর্তন সহ জরুরী চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারী-বেসরকারী সংস্থানগুলিকে একত্রিত করার অভিজ্ঞতা রয়েছে অজয়ের।”

উল্লেখ্য, বিশ্বজুড়ে নানা উন্নয়ন কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বিশ্বব্যাঙ্ক। এই প্রতিষ্ঠানের প্রধানের পদের জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে। মনোনয়নের পর্ব ২৯ মার্চ পর্যন্ত চলবে।

বিশ্ব ব্যাঙ্কে সবথেকে বেশি শেয়ার হোল্ডার আমেরিকা। তাই আমেরিকার প্রেসিডেন্টের মনোনীত প্রার্থীর সম্ভাবনা রয়েছে সে কথা বলাই বাহুল্য।

অজয়ের জন্ম পুণেতে। তাঁর বাবা একজন ভারতীয় সেনা। তাঁর বাবার নাম হরভজন সিং বাঙ্গা। দিল্লি ইউনিভার্সিটি থেকে তিনি ইকোনমিকসে ব্যাচেলার ডিগ্রি করেন। আহমেদাবাদ থেকে এমবিএ করেন ইনস্টিউট অফ ম্যানেজমেন্ট।

ক্যারিয়ার শুরু করেছিলেন নেসলেতে। সেখানে তিনি ১০ বছরেরও বেশি সময় ধরে সেলস, মার্কেটিং, ম্যানেজমেন্ট পদে দায়িত্ব সামলেছেন। এরপর তিনি PepsiCo Inc-তে দায়িত্ব নেন। তাঁর আমলেই PepsiCo ভারতে ফাস্ট ফুডের ফ্রাঞ্চাইজি খোলে। ১৯৯৬ সালে তিনি সিটিগ্রুপ ইনকোতে যোগ দেন। ওই বছরেই পাড়ি দেন আমেরিকাতে।

২০০৯ সালে তিনি মাস্টারকার্ডে যোগ দেন। মাত্র এক বছরেই তিনি মাস্টারকার্ডের CEO হন। তাঁর নেতৃত্বে কোম্পানিটি সারা বিশ্বে নিজেদের সুনাম অর্জন করে।

২০১৬ সালে তাঁকে পদ্মশ্রী সম্মানে সম্মানিত করে ভারত সরকার।