নিষিদ্ধ করা হলো প্লাস্টিকের পতাকা, বদলে কাগজের তেরঙ্গা ব্যবহারের আর্জি কেন্দ্রের
নয়াদিল্লি: বর্তমান বিশ্বের অন্যতম সমস্যা হচ্ছে প্লাস্টিক দূষণ। কেন্দ্রের মোদী সরকার ইতিমধ্যেই প্লাস্টিক দূষণ কমাতে নানাবিধ ব্যবস্থা নিয়েছে। এবার দেশের ৭৪ তম স্বাধীনতা দিবসের আগে প্লাস্টিক দূষণ কমাতে বড়সড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। প্লাস্টিকের পতাকা নিষিদ্ধ করলো কেন্দ্র।
উল্লেখ্য, স্বাধীনতা দিবসের পরে সর্বজনীনের স্নেহ, শ্রদ্ধা এবং আনুগত্যের প্রতীক পতাকাগুলি যত্রতত্র ফেলে দেওয়া হয়। জায়গা হয় ডাস্টবিনে। তাছাড়া আমরা জানি যে, প্লাস্টিক পুনর্ব্যবহার যোগ্য নয়। তাছাড়া এগুলো নষ্ট করাটাও বেশ কষ্টসাধ্য এবং সময়সাপেক্ষ ব্যাপার। সেইসব দিক বিবেচনা করে প্লাস্টিকের জাতীয় পতাকা ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করল কেন্দ্র।
প্লাস্টিকের পতাকার বদলে কাগজের তৈরি পতাকা ব্যবহারের আর্জি জানিয়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্লাস্টিকের পতাকা অন্যান্য কাগজের তৈরি পতাকার মতো বায়ো-ডিগ্রেডেবল নয়। এগুলি অপাচ্য এবং দীর্ঘদিন পরিবেশে টিকে থাকে। যার ফলে প্লাস্টিকের তৈরি পতাকা যথাযথ মর্যাদার সঙ্গে সঠিক নিষ্পত্তি ঘটানো দুষ্কর হয়ে পড়ে।
দেশের প্রত্যেক রাজ্যকে প্লাস্টিকের পতাকার বদলে কাগজের তৈরি পতাকা ব্যবহারে জোর দিতে বলা হয়েছে। রাজ্যগুলিকে চিঠিতে স্বরাষ্ট্রমন্ত্রক লিখেছে, আপনাদের কাছে অনুরোধ কোনও গুরুত্বপূর্ণ জাতীয়, সাংস্কৃতিক এবং ক্রীড়া অনুষ্ঠানে, ‘ফ্ল্যাগ কোড অব ইন্ডিয়া ২০০২’ অনুযায়ী জনগণ যেন শুধুমাত্র কাগজের তৈরি পতাকাই ব্যবহার করে এবং সেই কাগজের পতাকাগুলি যেন যত্রতত্র ফেলে না দেওয়া হয়।

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।

