NRS হাসপাতালে ডোম পদে চাকরিপ্রার্থী স্নাতকে ইতিহাসে গোল্ড মেডেলিস্ট স্বর্ণালী সামন্ত
কলকাতা: দিন কয়েক আগে খবরে প্রকাশ পায়,
NRS হাসপাতালের ডোম পদে চাকরির জন্য
স্নাতক, স্নাতকোত্তর ও ইঞ্জিনিয়াররা আবেদন করেছে। যেখানে ওই পদের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণি পাশ। এবার জানা গেল, স্নাতকে ইতিহাসে গোল্ড মেডেল পাওয়া শিবপুরের স্বর্ণালী সামন্তও NRS Medical কলেজ ও হাসপাতালের ডোমপদের জন্য আবেদন করেন।
এ প্রসঙ্গে এক সন্তানের মা স্বর্ণালী বলেন, কাজের আবার ছোট বড় কি? জানা যায়, শিবপুরের দেবব্রতর সঙ্গে বিয়ে হয় তার। বিয়ের পরেও পড়াশোনা চালিয়ে যান তিনি। ইতিহাসে স্নাতক করেন। পান স্বর্ণ পদকও। তবে হাজার চেষ্টা করেও সরকারি চাকরি পাননি তিনি। এরপর বাধ্য হয়ে একটি বেসরকারি সংস্থায় রিসেপশানিস্টের কাজ শুরু করেন।
তাঁর স্বামী UBER এ বাইক চালাতেন। কিন্তু করোনা পরিস্থিতির জেরে তিনি তার কাজ হারিয়েছেন। এই পরিস্থিতিতে সংসার চালানো কষ্টকর হয়ে পড়েছে। তাই বাধ্য হয়ে এনআরএস হাসপাতালে ডোমের চাকরির জন্য আবেদন করেন তিনি।
স্বর্ণালী বলেন, আমার একটা নিরাপদ চাকরির খুব প্রয়োজন। হাসপাতালে ডাক্তার, নার্স, আয়া সব মেয়েরা হতে পারলে, ডোমের কাজ করা থেকেই পিছিয়ে আসব কেন?
রবিবার NRS মেডিক্যাল কলেজে গিয়ে লিখিত পরীক্ষা দিয়েছেন তিনি। আপাতত ফল প্রকাশের অপেক্ষা।

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।

