Free Fire গেমে ৪০ হাজার টাকা খুইয়ে অবসাদে আত্মঘাতী ষষ্ঠ শ্রেণির ছাত্র
ভোপাল: প্রযুক্তির যুগে সময় যতই গড়িয়ে যাচ্ছে মানুষ ততই একাকি হয়ে যাচ্ছে। বর্তমান সময়ে রমরমা বাজার বিভিন্ন অনলাইন গেমের। যুবসমাজ অনলাইন গেমের নেশায় বুঁদ হয়ে রয়েছে। মাত্রাতিরিক্ত অনলাইন গেম আসক্তি থেকে অবসাদের শিকার হচ্ছেন তারা। অনলাইন গেম আসক্তির ফলে বহু দুর্ঘটনার ঘটনা এর আগেও সামনে এসেছে। সম্প্রতি এমনই এক মর্মান্তিক ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশের ছত্রপুরে।
অনলাইন গেমে ৪০,০০০ টাকা খুইয়ে চরম হতাশাগ্রস্ত হয়ে পড়ে ১৩ বছরের এক কিশোর। ছেলেটি স্কার্ফ ব্যবহার করে সিলিং ফ্যান থেকে ঝুলে আত্মহত্যা করে। কৃষ্ণ নামে ওই ছেলেটি তার মৃত্যুর আগে একটি সুইসাইড নোট লিখে রাখে। তাতে লেখা, অনলাইন গেমে টাকা হারানোয় এই চরম পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছে সে।

জানা গেছে, ছত্রপুরের একটি বেসরকারি স্কুল নীভ একাডেমিতে ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল কৃষ্ণ। তার বাবা একটি প্যাথলজি ল্যাব চালান এবং তার মা রাজ্য স্বাস্থ্য বিভাগের নার্স। বাবা-মায়ের কেউ যখন বাড়িতে ছিল না, তখন এই চরম পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেয় সে।
ডেপুটি পুলিশ সুপার (DSP) শশাঙ্ক জৈন জানিয়েছেন, ওই কিশোর সুইসাইড নোটে লিখেছে, সে তার মায়ের UPI অ্যাকাউন্ট থেকে ৪০,০০০ টাকা তোলে এবং Free Fire গেম খেলে পুরো টাকাটা হারায়। এর জন্য সে তার মায়ের কাছে ক্ষমা চেয়েছে এবং চরম হতাশাগ্রস্থ হয়ে আত্মহত্যা করে।
কৃষ্ণের মা তার ফোনে এই আর্থিক লেনদেনের মেসেজ আসার পরে তিনি ফোনে ছেলেকে বকাঝকা করেন। এরপর কৃষ্ণ ঘরের ভিতরে যায়। কিছু সময় পরে, তার বড়ো বোন দেখতে পায় ভাই দরজা খুলছে না। বিষয়টি তার বাবা-মাকে অবহিত করে। তারপর পুলিশ এসে ঘরের দরজা ভেঙে ছেলেটিকে সিলিং ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে।

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।

