Thursday, April 30, 2026
দেশ

‘আমরা কি জঙ্গি?’ ত্রিপুরা বিজেপিকে কটাক্ষ ডেরেকের

আগরতলা: তৃণমূলের ভোটকুশলী প্রশান্ত কিশোরের টিম আইপ্যাকের ২৩ সদস্যকে হোটেলে আটকে রাখে ত্রিপুরা পুলিশ। পরিস্থিতি খতিয়ে দেখতে তৃণমূলের তিন সদস্যের প্রতিনিধি দল আগরতলা পৌঁছলে তাদেরকেও আটকে দেয় ত্রিপুরা প্রশাসন। যা নিয়ে ত্রিপুরা সরকার এবং পশ্চিমবঙ্গের শাসক দলের মধ্যে বিবাদ চরমে উঠেছে। বৃহস্পতিবার ত্রিপুরা যান তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ ব্রায়েন।

এদিন সাংগঠনিক বৈঠক করে তৃণমূল। উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, আইনমন্ত্রী মলয় ঘটক এবং ডেরেক ও’ ব্রায়েন। এই সাংগঠনিক বৈঠকের জন্য একটি ব্যাঙ্কোয়েট ভাড়া নেয় তৃণমূল। সাংগঠনিক বৈঠক শুরু হওয়ার আগেই সেখানে পৌঁছে যায় ত্রিপুরা পুলিশ। তৃণমূলের প্রতিনিধিদের কাছে জানতে চাওয়া হয়, কতজনকে বৈঠকে উপস্থিত হওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে? কাদের তরফে এই বৈঠকের আয়োজন করা হয়েছে?

এর পরেই ত্রিপুরা পুলিশের উপর ক্ষুব্ধ হয়ে ওঠেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ ব্রায়েন। কটাক্ষের সাথে তিনি বলেন, আমরা কি জঙ্গি? তাহলে ১০০ পুলিশ পাঠানো হল কেন? আমরা কোন কিছুতেই ভয় পাই না।

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে পুরো এই ঘটনার জন্য দায়ী করে ডেরেক ও’ ব্রায়েন বলেন, অমিত শাহের নির্দেশেই আইপ্যাকের সদস্যদের আটকে রাখা হয়। তৃণমূলের প্রতিনিধি দলকে বিমানবন্দরে নামার সাথে সাথেই আটকে দেওয়া হয়। খেলা শুরু হওয়ার আগেই ভয় পাচ্ছে বিজেপি, বলেও কটাক্ষ করেন তিনি।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।