Monday, April 13, 2026
রাজ্য​

মুকুল রায়কে অবিলম্বে দিল্লির বাড়ি খালি করার নির্দেশ

নয়াদিল্লি: সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় মুকুল রায়ের দিল্লির বাড়ির বাইরের কাটআউটের ছবি। সেই ছবিতে দেখা যায় ব্যানারে জ্বলজ্বল করছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এর ছবি। এর পরেই মুকুল রায়কে বাড়ি নির্দেশ দিল সংসদের আবাসন কমিটি।

উল্লেখ্য, এই মুহূর্তে মুকুল রায় সংসদের কোন কক্ষের সদস্য নয়। তাই মুকুল রায়ের নামে সংসদের তরফে কোন বাড়ি বরাদ্দ করা হয়নি। বিজেপিতে থাকাকালীন ১৮১, সাউথ অ্যাভিনিউয়ের বাড়িতে বিজেপি রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্তর অতিথি হিসাবে থাকতেন তিনি। এবার এই বাড়ি থেকে অতিথি মুকুল রায়কে সরিয়ে দেওয়ার নির্দেশ দিল সংসদের আবাসন কমিটি।

তবে এই পরিস্থিতিতে হাত গুটিয়ে বসে নেই তৃণমূলও। পাল্টা পদক্ষেপ হিসেবে তৃণমূল নেতৃত্বের দাবি করা হয়েছে, ১৮১, সাউথ অ্যাভিনিউয়ের যে বাড়িতে মুকুল রায় থাকেন, সেটি রাজ্যসভার সাংসদ দোলা সেনকে দেওয়া হোক। তবে সংসদের আবাসন কমিটি তৃণমূলের এই দাবিকে মেনে নেবেন কিনা সেটাই দেখার।

প্রসঙ্গত, ২০১৭ সালে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন মুকুল রায়। তারপর থেকে মুকুল রায় বাড়ির সামনে শোভা পেত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছবি। কিন্তু সম্প্রতি বিজেপি ছেড়ে ফের তৃণমূলে যোগ দিয়েছেন মুকুল রায়। এরপর ব্যানারে শোভা পাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি। এর পরেই বাড়ি খালি করার নির্দেশ দেয়া হল তাঁকে।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।