UGC-র নয়া পাঠ্যক্রমে বিশেষ গুরুত্ব পেল ‘মহাভারত’, ‘রামায়ণ’, নেই আকবর
নয়াদিল্লি: স্নাতকস্তরে ইতিহাসের নয়া পাঠ্যক্রম প্রকাশ করল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (UGC)। নয়া এই পাঠ্যক্রম প্রকাশ্যে আসার পরে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। গৈরিকীকরণের অভিযোগ উঠেছে। নয়া এই পাঠ্যক্রমে বিশেষ গুরুত্ব পেয়েছে, মহাভারত, রামায়ণ’, বেদ, উপনিষদ, পুরাণ, হিন্দু তীর্থক্ষেত্র, হিন্দুদের ধর্মীয় মেলা, স্থাপত্য, পঞ্চতন্ত্র, জাতকের গল্প, ভজন, হরিকথা, বৈদিক মন্ত্র। অন্যদিকে, নয়া এই পাঠ্যক্রমে পুরোপুরি উপেক্ষা করা হয়েছে মধ্যযুগের ইতিহাসকে।
নয়া এই পাঠ্যক্রমে স্থান পায়নি আকবর। একাধিকবার ‘সরস্বতী সভ্যতা’র কথা উল্লেখ করা হয়েছে। মারাঠা ইতিহাসকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। মধ্যযুগীয় ইতিহাসকে এভাবে উপেক্ষা করায় তীব্র বিতর্ক শুরু হয়েছে। পাঠ্যক্রমে উল্লেখিত রেফারেন্স বইয়ের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে ইরফান হাবিব, রামশরণ শর্মাকে। অত্যন্ত প্রাচীন ভারতীয় সভ্যতা বেদ, পুরাণ, উপনিষদের উপর বিশেষ জোর দেওয়া হয়েছে।
ওরাল ট্র্যাডিশন অ্যান্ড পারফর্মিং আর্টে ভজন, হরিকথা এবং বৈদিক মন্ত্র স্থান পেয়েছে। হিস্ট্রি অফ কমিউনিকেশন ইন ইন্ডিয়ায় রয়েছে নারদ ও শ্রীকৃষ্ণ। রয়েছে ন্যায়শাস্ত্র, মেঘদূত, পঞ্চতন্ত্র এবং রামচরিত মানস। গৌতম বুদ্ধ, শঙ্করাচার্য, স্বামী বিবেকানন্দ এবং মহাত্মা গান্ধী পড়ানো হবে। এসব সবকিছু থাকলেও মধ্যযুগের ইতিহাসকে পুরোপুরি উপেক্ষা করা হয়েছে! মুঘল যুগকেও উপেক্ষা করা হয়েছে।
নয়া এই পাঠ্যক্রমে রাণা প্রতাপ, হিমু ও রানী দুর্গাবতীর উল্লেখ থাকলেও আকবরের কোনও প্রসঙ্গই নেই। কেবলমাত্র শিবাজির সঙ্গে দ্বন্দ্বের সূত্রে ঔরঙ্গজেবের উল্লেখ রয়েছে।
নয়া এই পাঠ্যক্রমের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন বিশিষ্টজনেরা। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক কিংশুক চট্টোপাধ্যায় বলেছেন, ভারতীয় ইতিহাসে অনেক পুরোনো বইয়ে জোর দেওয়া হয়েছে। ইরফান হাবিবের বই বাদ দেওয়া হয়েছে।
রবীন্দ্রভারতীর ইতিহাসের অধ্যাপক সুস্নাত দাস বলেন, এই পাঠ্যক্রমকে ইতিহাসের গৈরিকীকরণ বললেও কম বলা হবে। এটা অত্যন্ত হাস্যকর সিলেবাস। অল বেঙ্গল সেভ এডুকেশন কমিটির সম্পাদক তরুণ নস্কর বলেন, এই পাঠ্যক্রমের বিরুদ্ধে তাঁরা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে প্রতিবাদপত্র পাঠাবেন।

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।

