SSKM থেকে ছাড়া পেলেন মদন মিত্র, ফেসবুক লাইভে গাইলেন একাধিক গান
কামারহাটি: রবিবার এসএসকেএম হাসপাতাল থেকে ছুটি পেলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। বাড়ি ফেরার আগে হাসপাতাল চত্বরেই ফেসবুক লাইভে ‘চিরদিনই তুমি যে আমার’, ‘আমার প্রাণের মাঝে সুধা আছে’ গান শোনান তিনি। হাসপাতাল থেকে হুডখোলা জিপে নিজেই স্টিয়ারিং ঘুরিয়ে ভবানীপুরে কাঁসারি পাড়ার বাড়ি হয়ে যান একটি মাজারে। সেখান থেকে হাসপাতালের কাছে গুরুদ্বারে যাওয়ার কথা ছিল। কিন্তু তার আগে শ্বাসকষ্ট শুরু হয় বলে আর যাওয়া হয়নি।
তাঁর সঙ্গে অনুগামীরা রাস্তাতেই প্রাথমিক চিকিৎসা শুরু করেন। ইনহেলার দেওয়া হয়। রাস্তাতেই অক্সিজেন দেওয়ার ব্যবস্থা করা হয়। এর পরে তাঁকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। শ্রীঘ্রই তাঁর বাড়িতে চিকিৎসকরা যাবেন বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, ফেসবুক লাইভে খুবই জনপ্রিয় তৃণমূল বিধায়ক মদন মিত্র। অনেকদিন পরে শনিবার ফেসবুক লাইভে এসে তিনি জানিয়েছিলেন, রবিবার হাসপাতাল থেকে ছাড়া পাবো। এ সময় তাঁকে বেশ খোজ মেজাজেই দেখা যায়। ফেসবুক লাইভে ‘এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়’ গানটি গেয়ে শোনান তিনি।
বিপদের দিনে পাশে থাকার জন্য অনুরাগীদের ফেসবুক লাইভে ধন্যবাদ জানান তিনি। চিকিৎসকদেরও ধন্যবাদ জানান। পাশাপাশি, তাঁর অন্তর্বর্তী জামিন মঞ্জুর করার জন্য বিচার ব্যবস্থার প্রতি শ্রদ্ধা জানান তিনি।

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।

