Tuesday, March 10, 2026
রাজ্য​

টানা ১৫ দিন লকডাউন, মদের দোকানের সামনে উপচে পড়া ভিড়

কলকাতা: করোনার দ্বিতীয় ধাক্কায় বেসামাল অবস্থা গোটা দেশের। পশ্চিমবঙ্গের অবস্থাও বেশ শোচনীয়। প্রতিদিন আক্রান্তের সংখ্যা প্রায় কুড়ি হাজারের উপরে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রবিবার থেকে ৩০ মে সন্ধ্যা ছ’টা পর্যন্ত কড়া লকডাউন ঘোষণা করলো রাজ্য সরকার। যার ফলে রবিবার সকাল ছ’টা থেকে আগামী ৩০ মে সন্ধ্যা ছ’টা পর্যন্ত রাজ্যে মদের দোকান বন্ধ থাকবে।

শনিবার রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ৩০ মে অবধি মদের দোকান পুরোপুরি বন্ধ থাকবে। এই ঘোষণার পর রাজ্যের বিভিন্ন জায়গায় মদের দোকানের সামনে উপচে পড়া ভিড় লক্ষ্য করা হয়েছে। অনেক সুরাপ্রেমীই নিজেদের মদ সংগ্রহে রেখে দিচ্ছেন।

পুরনো ঘোষণা অনুযায়ী, শনিবার বিকাল ৫টা অবধি রাজ্যজুড়ে খোলা থাকার কথা মদের দোকানগুলি। লকডাউন ঘোষণার পর সুরাপ্রেমীরা হাজিন হন মদের দোকানের সামনে। উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই ধরা পড়ছে একই ছবি। দূরত্ববিধির তোয়াক্কা না করে, মাস্ক না পরেই মদের দোকানের সামনে সুরাপ্রেমী দীর্ঘ লাইন লক্ষ্য করা যাচ্ছে। তবে কোথাও পুলিশকে দেখা যায়নি।

তবে মদের দোকান বন্ধ থাকলেও মিষ্টির দোকান সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত খোলা থাকছে। দুধ ও দুগ্ধজাত পণ্যের প্রয়োজনীয়তার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত বলে নবান্নের তরফে জানানো হয়েছে।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।