Tuesday, March 10, 2026
রাজ্য​

পিএম কিষাণের প্রথম কিস্তির টাকা পেল বাংলার কৃষকরা, বকেয়া থাকা ১৪ হাজারও পাবেন: মোদী

কলকাতা: শুক্রবার পিএম কিষাণ নিধির প্রথম কিস্তির টাকা পেলেন পশ্চিমবঙ্গের কৃষকরা। এটি এই প্রকল্পের অষ্টম কিস্তি ছিল। দেশের ৯.৫ কোটি কৃষক আজ ২০ হাজার ৬৬৭ কোটি টাকা পেয়েছেন।

শুক্রবার পিএম কিষাণ নিধির অষ্টম কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি পাঠিয়ে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, আজ দেশের প্রায় ১০ কোটি কৃষক ২০ হাজারেরও বেশি টাকা পেলেন। বাংলার লাখ লাখ কৃষক এই প্রকল্পের সুবিধা পেয়েছেন। এরপর থেকে পশ্চিমবঙ্গ সরকার যে অনুযায়ী নাম পাঠাবে সেই অনুযায়ী কৃষকদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে।

ভার্চুয়াল সভায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, মমতা সরকার তথ্য দেইনি বলে আগের সাত কিস্তির টাকা পাননি পশ্চিমবঙ্গের কৃষকরা। বকেয়া থাকা ১৪ হাজার টাকাও বাংলার কৃষকদের অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হবে। কিন্তু কবে বকেয়া টাকা দেওয়া হবে সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।

উল্লেখ্য, বিজেপির অভিযোগ ছিল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চক্রান্ত করে বাংলার কৃষকদের কেন্দ্রীয় প্রকল্প থেকে বঞ্চিত করছে। রাজ্যের বিধানসভা ভোটের আগে বিজেপির প্রচারে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের বিষয়টি তোলা হয়। খোদ প্রধানমন্ত্রী বলেন, বিজেপি বাংলায় ক্ষমতায় এলে প্রথম মন্ত্রিসভার বৈঠকে পিএম কিষাণের টাকা কৃষকদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে।

বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে পারিনি। তবে মুখ্যমন্ত্রী পদে শপথের পরই তৃণমূল সুপ্রিমো বাংলার কৃষকদের বকেয়া মেটানোর দাবিতে প্রধানমন্ত্রীকে চিঠি লেখেন। তারপরই বাংলা কৃষকদের অ্যাকাউন্টে টাকা পাঠালো কেন্দ্র।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।