Sunday, March 15, 2026
দেশ

রেললাইনে দাঁড়িয়ে রিল বানাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হলো দুই বন্ধুর

কলকাতা ট্রিবিউন ডেস্ক: বর্তমানে সেলফি আর রিল বানানোর হিড়িক পড়েছে। জীবনের পরোয়া না করেই এসব করা হচ্ছে। এবার রেললাইনে দাঁড়িয়ে রিল বানাতে গিয়ে মৃত্যু হলো দুই বন্ধুর।

ঘটনাটি ঘটেছে গত ২২ ফেব্রুয়ারি বিকাল সাড়ে ৪টে নাগাদ দিল্লির কান্তিনগর উড়ালপুলের কাছে সহদরা এলাকায়।

পুলিশ সূত্রে খবর, মৃতেরা হলেন বংশ শর্মা (২৩) এবং মনু (২০)। তারা ২ জন বন্ধু ছিলেন। বংশ বিটেকের তৃতীয় বর্ষের ছাত্র। আর মনু দিল্লি বিশ্ববিদ্যালয়ের স্নাতকস্তরের পড়ুয়া। পড়াশোনার পাশাপাশি সেলসম্যানের কাজ করতেন মনু।

রিল বানানোর নেশায় বুধবার বিকালে কান্তিনগর উড়ালপুলের নীচে রেললাইনের পাশে দাঁড়িয়েছিলেন দুই বন্ধু। ট্রেন দুরন্ত গতিতে ছুটে আসছিল। তখন দুই বন্ধু রেললাইনে দাঁড়িয়ে রিল বানানো শুরু করেন। কিন্তু দ্রুত ট্রেন কাছে চলে আসায় সরতে পারেননি বংশ এবং মনু দু’জনেই। ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় তাদের।

বংশের দু’টি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ছিল। একটিতে নিজেকে ভিডিও ক্রিয়েটর হিসাবে পরিচয় দিয়েছেন। অন্য অ্যাকাউন্টে নিজেকে রাজনীতিক হিসাবে দাবি করেছেন। তার অ্যাকাউন্টে কয়েকটি ভিডিও উদ্ধার করেছে পুলিশ। সবক’টিই রেললাইনে তোলা এবং ট্রেনের সামনে। কোনওটায় দেখা গিয়েছে, দু’জনে ট্রেন থেকে ঝাঁপ দিচ্ছেন, কোনওটায় রেললাইন ধরে ছুটছেন।