Sunday, March 15, 2026
রাজ্য​

মন কি বাতে ত্রিবেণীর কুম্ভস্নান, ভারতীয় সংস্কৃতির এক হারানো অধ্যায়কে ফিরিয়ে আনার জন্য ধন্যবাদ মোদীর

কলকাতা ট্রিবিউন ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’ রেডিও অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের বহু প্রাচীন তীর্থস্থান হুগলির (Hooghly) ত্রিবেণী (Tribeni) কুম্ভমেলার কথা উঠে এল। ‘২০২৩ সালের দ্বিতীয় ‘মন কি বাত’ অনুষ্ঠান। এ দিন ই-সঞ্জীবনী অ্যাপ থেকে শুরু করে, UPI সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা করেন মোদী।

ত্রিবেণী কুম্ভমেলা সম্পর্কে মোদী বলেন, “বন্ধুরা, বহু শতাব্দী ধরে একটি পবিত্র স্থান হিসেবে পরিচিত পশ্চিমবঙ্গের ত্রিবেণী। বিভিন্ন মঙ্গলকাব্য, বৈষ্ণব সাহিত্য, শাক্ত সাহিত্য এবং অন্যান্য বাংলা সাহিত্যকর্মে এর উল্লেখ পাওয়া যায়। এই মাসে সেই ত্রিবেণীতে কুম্ভ স্নানের আয়োজন করা হয়েছে। এই পুণ্যস্নানে আট লাখ মানুষ অংশ নিয়েছিলেন। তবে আপনি জানেন এটি কেন এত তাৎপর্যপূর্ণ? কারণ, ৭০০ বছর পর ফের এই প্রথাকে ফিরিয়ে আনা হয়েছে।”

নরেন্দ্র মোদী বলেন, “কয়েক হাজার বছর ধরে এই প্রথা চলতো। তবে দুর্ভাগ্যবশত ৭০০ বছর আগে এই প্রথা বন্ধ হয়ে গিয়েছিল। স্বাধীনতার পরই পুণ্য স্নানের এই রীতি পুনরায় আরম্ভ হওয়া উচিত ছিল। কিন্তু তা করা হয়নি।”

তিনি আরও বলেন, “২ বছর আগে স্থানীয় বাসিন্দা ও ত্রিবেণী কুম্ভ পরিচালনা সমিতির যৌথ প্রয়াসে এই কুম্ভ স্নানের প্রথা ফের চালু করা হয়। এই আয়োজনের সঙ্গে যুক্ত সকলকে অভিনন্দন জানাচ্ছি।”

আয়োজকদের অভিনন্দন জানিয়ে মোদী বলেন, “আপনারা কেবল একটি প্রথাকেই নতুন করে চালু করেননি। আপনারা ভারতীয় সংস্কৃতিকে রক্ষা করেছেন।”

ছবি: TV9 Bangla