Wednesday, April 29, 2026
রাজ্য​

ফের বঙ্গ রাজনীতিতে সক্রিয় হলেন কৈলাস

নয়াদিল্লি: একুশের বিধানসভা ভোটের আগে রাজ্যের প্রায় প্রতিটি সভা-সমাবেশে, মিটিং-মিছিলে দেখা মিলত কৈলাস বিজয়বর্গীয়ের। তবে ভোটে হারার পর তাকে দেখা যায়নি রাজ্য রাজনীতিতে। জানা যায়, ভোটে হারার পর কৈলাসের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন দলের একাংশ। কৈলাসের নেওয়া বেশ কয়েকটি সিদ্ধান্ত দলের ক্ষতি হয় বলে অভিযোগ। কৈলাস ঘনিষ্ঠ বলে পরিচিত মুকুল রায়ের তৃণমূলে যোগদান চাপ আরো বাড়ায় তার ওপর।

ভোটের ফল প্রকাশের আড়াই মাস পর বঙ্গ বিজেপির অনুষ্ঠানে দেখা মিলেছিল কৈলাসের। তবে সেবার রাজ্য বিজেপির গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছিলেন কৈলাস। এবার সক্রিয়ভাবে রাজ্য রাজনীতিতে যোগ দিলেন তিনি। জানা গিয়েছে, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার অনুরোধেই ফের সক্রিয় রাজনীতিতে যোগ দিলেন তিনি।

মঙ্গলবার দিল্লির কনস্টিটিউশনাল হলে বৈঠকে করেন বাংলার বিজেপি সাংসদরা। সেই বৈঠকে কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় উপস্থিত ছিলেন। পাশাপাশি, শিবপ্রকাশ এবং অমিত মালব্যও উপস্থিত ছিলেন।  দেড় ঘণ্টা ধরে চলে  বৈঠক। ওই বৈঠকের একাধিক কর্মসূচি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

রাজ্যে ৩টি বড় যাত্রা করতে চলেছে বিজেপি। রাজ্য নেতৃত্ব এই যাত্রার দিনক্ষণ এবং পথ নির্ধারণ করবে। পাশাপাশি পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত হওয়া চার মন্ত্রী একসঙ্গে বিজেপির মৃত কর্মীদের বাড়িতে গিয়ে তাঁদের পরিবারের সঙ্গে দেখা করবেন।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।