নিয়োগ দুর্নীতিতে জড়িত গোপাল-হৈমন্তীর সম্পত্তির পরিমাণ ২,৫০০ কোটি টাকা! চাঞ্চল্যকর তথ্য CBI-এর হাতে
কলকাতা ট্রিবিউন ডেস্ক: নিয়োগ দুর্নীতিতে জড়িত গোপাল দলপতি ওরফে আরমান গঙ্গোপাধ্যায় ও হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের সম্পত্তি নিয়ে বিস্ফোরক তথ্য জানালো সিবিআই। অভিযোগ, গোপাল-হৈমন্তীর এক ডজন সংস্থার মাধ্যমে পাচার হয়েছিল নিয়োগ দুর্নীতির কোটি কোটি টাকা। বিপুল সম্পত্তির হদিশ পেয়েছে সিবিআই। যদিও গোয়েন্দাদের মতে, ওই সম্পত্তির বাইরে আরও বহু সম্পত্তি রয়েছে দু’জনের। ওই সম্পত্তির পরিমাণ ২৫০০ কোটি টাকার মতো হতে পারে।
গোপাল দলপতির ব্যাঙ্ক অ্যাকাউন্টের নমিনি হৈমন্তী গঙ্গোপাধ্যায়। বড়বাজারের একটি বেসরকারি ব্যাঙ্কে আরমান নামে অ্যাকাউন্ট খোলেন গোপাল। সেখানে নমিনি হৈমন্তী। ২০২৩ সালের জানুয়ারি পর্যন্ত ওই অ্যাকাউন্টের নমিনি ছিলেন হৈমন্তী।
মডেল–অভিনেত্রী হৈমন্তীর সঙ্গে রাজ্যের শাসকদল তৃণমূলের প্রভাবশালী অংশের ভালো যোগাযোগ রয়েছে। স্বামী গোপাল দলপতির সঙ্গে মিলে একডজন কোম্পানি খুলেছিলেন হৈমন্তী। সেগুলির মাধ্যমে নিয়োগ দুর্নীতির কালো টাকা সাদা হয়েছে। একাধিক জমি ও ফ্ল্যাট কেনা হয়েছে।
চাকরিপ্রার্থীদের থেকে কোটি কোটি টাকা তোলেন গোপাল। সেই টাকা রাখা হতো হৈমন্তীর কাছে।
ইডি ও সিবিআই সূত্রে খবর, পূর্ব মেদিনীপুর সহ বিভিন্ন জেলায় নামে ও বেনামে প্রায় ২০০ বিঘা জমি, বাড়ি রয়েছে। বীরভূমে রয়েছে দু’জনের হোটেল ও গেস্ট হাউজ। হাওড়ায় বাড়ি, রাজা রামমোহন রায় রোডে একটি ফ্ল্যাটের হদিশ মিলেছে।
মুম্বাইয়ের নরিম্যান পয়েন্টে একটি অফিসের সঙ্গে যোগসূত্র মিলেছে। হৈমন্তী প্রায়ই মুম্বাই যেতেন। গোপালের অ্যাকাউন্ট থেকে ৬৮ লাখ টাকা ওই সংস্থায় সম্প্রতি গিয়েছে, সেই তথ্য উঠে এসেছে সিবিআইয়ের হাতে।

