উত্তরপ্রদেশে ২৪ ঘণ্টায় দ্বিতীয় এনকাউন্টার, এনকাউন্টারে খতম কুখ্যাত গ্যাংস্টার রিহান আনসারি
কলকাতা ট্রিবিউন ডেস্ক: উত্তরপ্রদেশে ফের এনকাউন্টার। শামলিতে বৃহস্পতিবার গভীর রাতে পুলিশি অভিযানে নিহত কুখ্যাত দুষ্কৃতী রিহান আনসারি। পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে এক কনস্টেবল আহত হয়েছেন। তবে রিহানের এক সঙ্গী অন্ধকারের সুযোগে পালিয়ে যেতে সক্ষম হয়।
শামলির পুলিশ সুপার এনপি সিং জানান, বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে খবর আসে যে ঝিঁঝানা থেকে কাসেরওয়া গ্রামের দিকে একটি মোটরবাইকে চেপে দুই দুষ্কৃতী লুটের উদ্দেশ্যে বেরিয়েছে। খবর পেয়ে কোতওয়ালি থানার পুলিশ ও এসওজি টিম যৌথভাবে অভিযানে নামে। পুলিশকে দেখামাত্রই দুষ্কৃতীরা এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে।
গুলির লড়াই চলাকালীন শামলি কোতওয়ালিতে কর্মরত কনস্টেবল সুমিত বৈসলার গায়ে গুলি লাগে। পাল্টা গুলিতে গুরুতর জখম হয় রিহান আনসারি। তাকে দ্রুত জেলা হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, নিহত রিহান আনসারি দিল্লির ওখলা এলাকার জাকির নগরের বাসিন্দা। তার বিরুদ্ধে শামলি, বাগপত, গাজিয়াবাদ, দিল্লি ও হরিয়ানায় লুট, ছিনতাই-সহ বিভিন্ন ধারায় ৯০টিরও বেশি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে সে একটি সংঘবদ্ধ অপরাধচক্র চালাচ্ছিল এবং কুখ্যাত ইয়াহিয়া গ্যাংয়ের সঙ্গেও তার যোগাযোগ ছিল।
পুলিশ জানিয়েছে, ঘটনার কিছুক্ষণ আগেই রিহান ও তার সঙ্গী ফতেহপুরের বাসিন্দা রাহুল ও তার বন্ধুর কাছ থেকে পিস্তল দেখিয়ে নগদ টাকা, মোবাইল ফোন ও আংটি লুট করেছিল। এই ঘটনায় বাবরি থানায় এফআইআর দায়ের হয়।
এনকাউন্টারের পর দুষ্কৃতীদের কাছ থেকে ০.৩২ বোরের ইতালিতে তৈরি বেরেটা পিস্তল, একটি দেশীয় পিস্তল, আট রাউন্ড তাজা কার্তুজ, সাতটি খালি খোসা, নম্বরবিহীন মোটরবাইক, লুট হওয়া মোবাইল ফোন, দুটি আংটি ও নগদ টাকা উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ আরও জানায়, ২০২৫ সালের নভেম্বর মাসেও ঝিঁঝানা এলাকায় এক দম্পতির কাছ থেকে লুটের ঘটনায় রিহানের নাম জড়িয়েছিল। সেই ঘটনার পরই সহারানপুর রেঞ্জের ডিআইজি তার মাথার দাম ৫০ হাজার টাকা ঘোষণা করেন।
উল্লেখ্য, গত ৪৮ ঘণ্টায় উত্তরপ্রদেশে এটি দ্বিতীয় এনকাউন্টার। এর আগে মঙ্গলবার রাতে এসটিএফ অভিযানে শুটার বনরসি যাদব নিহত হয়েছিল। ধারাবাহিক এই অভিযানে অপরাধীদের বিরুদ্ধে কড়া অবস্থানের বার্তা দিল রাজ্য পুলিশ।


