Sunday, March 15, 2026
আন্তর্জাতিক

পাকিস্তানে জোরপূর্বক ধর্মান্তর বন্ধের আহ্বান রাষ্ট্রপুঞ্জের

কলকাতা ট্রিবিউন ডেস্ক: মুসলিম সংখ্যাগরিষ্ঠ পাকিস্তানে ধর্মীয় সংখ্যালঘু অল্পবয়সী মেয়েদের জোরপূর্বক ধর্মান্তরকরণ এবং বিবাহ বন্ধের আহ্বান জানানো হয়েছে রাষ্ট্রপুঞ্জের তরফে। রিপোর্টে সোমবার শঙ্কা প্রকাশ করেছে রাষ্ট্রপুঞ্জের একদল বিশেষজ্ঞ। তাঁরা জোরপূর্বক ধর্মান্তরকরণ এবং সংখ্যালঘু মেয়েদের বিবাহ বন্ধের জন্য অবিলম্বে পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।

রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের অফিস থেকে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, বিশেষজ্ঞরা অপরাধীদের জবাবদিহি করার জন্য দেশীয় আইন এবং আন্তর্জাতিক মানবাধিকার প্রতিশ্রুতির সাথে সামঞ্জস্য রেখে, এই কাজগুলির নিরপেক্ষ তদন্ত করার জন্য পাকিস্তান সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, “পাকিস্তান কর্তৃপক্ষকে অবশ্যই জোরপূর্বক ধর্মান্তরকরণ, জোরপূর্বক এবং বাল্যবিবাহ, অপহরণ এবং পাচার নিষিদ্ধ করার আইন গ্রহণ এবং প্রয়োগ করতে হবে এবং নারী ও শিশুদের অধিকার সমুন্নত রাখতে হবে।” ‘

তবে, রাষ্ট্রপুঞ্জের বিবৃতিতে পাকিস্তান সরকারের পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

স্থানীয় এবং বিদেশী মানবাধিকার গোষ্ঠীগুলি বলছে, হিন্দু ও খ্রিস্টানসহ সংখ্যালঘু ধর্মের যুবতী মহিলাদের জোরপূর্বক ধর্মান্তরকরণ এবং বিয়ে দেওয়া পাকিস্তানে একটি ক্রমবর্ধমান সমস্যা। প্রতি বছর পাকিস্তানে এরকম শত শত ঘটনা ঘটে।

প্রসঙ্গত বলে রাখি, পাকিস্তানের মোট জনসংখ্যা প্রায় ২২ কোটি। যার মধ্যে মাত্র ২ শতাংশ হিন্দু এবং ১.৫ শতাংশেরও কম খ্রিস্টান। – UN