Tuesday, March 10, 2026
Latestআন্তর্জাতিক

কানাডার ওপর আরও ১০ শতাংশ শুল্ক বাড়ালেন ট্রাম্প

কলকাতা ট্রিবিউন ডেস্ক: আবারও কানাডার উপর শুল্কের খাঁড়া নামালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশাল-এ এক ঘোষণায় তিনি জানিয়েছেন, কানাডা থেকে আমদানি করা পণ্যের উপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করা হচ্ছে। এই সিদ্ধান্তে দুই দেশের মধ্যে নতুন করে বাণিজ্য উত্তেজনা তৈরি হয়েছে।

কিন্তু হঠাৎ এই পদক্ষেপের কারণ কী?

জানা গেছে, সম্প্রতি কানাডার অন্টারিও প্রদেশে সরকারের উদ্যোগে সম্প্রচারিত এক টেলিভিশন বিজ্ঞাপনেই ক্ষুব্ধ হয়েছেন ট্রাম্প। ওই বিজ্ঞাপনে প্রয়াত প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের ১৯৮৭ সালের একটি ভাষণের ফুটেজ ব্যবহার করা হয়, যেখানে রিগান বলেছিলেন— “শুল্ক গোটা বিশ্বে বাণিজ্য যুদ্ধ এবং অর্থনৈতিক দুর্দশা ডেকে আনতে পারে।”

ট্রাম্পের অভিযোগ, বিজ্ঞাপনটিতে তথ্য বিকৃত করা হয়েছে এবং রিগানের বক্তব্যকে ‘রাজনৈতিক অস্ত্র’ হিসেবে ব্যবহার করা হয়েছে তাঁর প্রশাসনের বিরুদ্ধে। বিজ্ঞাপন প্রচারের পরই তিনি বলেন, “শত্রুতাপূর্ণ আচরণ এবং তথ্যের ভুল উপস্থাপনার কারণে আমি কানাডার উপর অতিরিক্ত শুল্ক আরোপ করছি।”

প্রসঙ্গত, এর আগে চলতি বছরের জুলাই মাসেই কানাডার পণ্যের উপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প। তিন মাসও পেরোয়নি, তার মধ্যেই বাড়তি ১০ শতাংশ শুল্ক ঘোষণা করে তিনি স্পষ্ট বার্তা দিলেন— কানাডার সঙ্গে বাণিজ্য সম্পর্কে আপসের কোনো জায়গা নেই।

কানাডার নতুন প্রধানমন্ত্রী কারনির প্রতিক্রিয়া

গত ১৪ মার্চ কানাডার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মার্ক কারনি। দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি ট্রাম্প প্রশাসনের উচ্চ শুল্কনীতির কড়া সমালোচক। সম্প্রতি এক বিবৃতিতে কারনি বলেছিলেন— “আমেরিকার সঙ্গে আমাদের সম্পর্ক ছিল পারস্পরিক বিশ্বাস ও সহযোগিতার উপর ভিত্তি করে। কিন্তু সেই সম্পর্ক এখন অনিশ্চয়তার মুখে।”

কারনির ইঙ্গিত স্পষ্ট— কানাডাও পালটা শুল্ক আরোপের পথে হাঁটতে পারে। বিশ্লেষকদের মতে, এই ঘটনাই উত্তর আমেরিকার বাণিজ্য সম্পর্ককে আরও জটিল করে তুলবে, বিশেষত এমন এক সময়ে যখন বিশ্ব অর্থনীতি মুদ্রাস্ফীতি ও সরবরাহ শৃঙ্খলের চাপের সঙ্গে লড়ছে।

এদিকে ট্রাম্পের এই সিদ্ধান্তের ফলে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও তিক্ত হতে পারে। ইতিমধ্যেই মার্কিন বাজারে কানাডিয়ান অ্যালুমিনিয়াম, ইস্পাত ও কাঠের আমদানি বড় ধাক্কা খেয়েছে। নতুন শুল্ক আরোপে সেই প্রভাব আরও বাড়বে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের।