Tuesday, May 12, 2026
দেশ

অস্কারজয়ী ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’-এর মূল কারিগর বোমান ও বেলিকে সংবর্ধনা চেন্নাই সুপার কিংসের

কলকাতা ট্রিবিউন ডেস্ক: অস্কারের ৯৫তম আসরে স্বল্পদৈর্ঘ্য তথ্যচিত্র বিভাগে অস্কার জিতেছে ‘দ্য এলিফ্যান্ট হুইসপারস’। এবার এই তথ্যচিত্রের মূল কারিগর রিয়েল লাইফ হিরো বোমান ও বেলি এবং অস্কারজয়ী পরিচালক কার্তিকি গনজালভেসকে সংবর্ধনা দিল চেন্নাই সুপার কিংস।

রিয়েল লাইফ হিরো বোমান ও বেলি এবং কার্তিকি গনজালভেসকে চেন্নাইয়ের জার্সি উপহার দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। এ সময় উপস্থিত ছিল ধোনি কন্যা জিভাও।


বুধবার চেন্নাই বনাম দিল্লি ম্যাচের আগে চেন্নাই সুপার কিংসের মালিক রূপা গুরুনাথ, চেন্নাই সুপার কিংস ক্রিকেট লিমিটেডের সিইও কে এস বিশ্বনাথন এই সংবর্ধনা দেবেন। হাতির কল্যাণে চেন্নাই সুপার কিংসের তরফে মুদুমালাই টাইগার কনজারভেশন ফাউন্ডেশনকে একটি চেক দেওয়া হচ্ছে বলে খবর।

কে এস বিশ্বনাথন বলেন, ‘বোমান ও বেলি এবং অস্কারজয়ী পরিচালক কার্তিকিকে কাছে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। বোমান ও বেলির পরিচর্যায় হাতিশাবক বেড়ে ওঠে। মনোমুগ্ধকর হৃদয়স্পর্শী এই গল্পকথা বহুদূর পর্যন্ত গেছে। আমাদের সকলের জন্য এটা অত্যন্ত গর্বের বিষয় যে, আমাদের নিজেদের লোকেরাই বিশ্বমঞ্চে পৌঁছে গেছে। এশিয়ান হাতি সংরক্ষণ করা এখন সময়ের দাবি। পাশাপাশি, আমরা দুই হাতি আম্মু ও রঘুর জীবন-যাপনের খরচা বহন করে তাদের পাশে দাঁড়াতে পেরে আনন্দিত।’