Wednesday, May 6, 2026
Latestআন্তর্জাতিক

Tarique Rahman: দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশে ফিরলেন খালেদা-পুত্র তারেক রহমান

কলকাতা ট্রিবিউন ডেস্ক: দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশে প্রত্যাবর্তন করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার সকালে বাংলাদেশের স্থানীয় সময় ৯টা ৫৬ মিনিটে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন তিনি। তার সঙ্গে রয়েছেন স্ত্রী জুবাইদা রহমান এবং কন্যা জাইমা রহমান। তারেক রহমান বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র।

সিলেটে সংক্ষিপ্ত যাত্রাবিরতির পর তারেক রহমান ঢাকার উদ্দেশে রওনা হন। স্থানীয় সময় সকাল ১১টা ৫০ মিনিট নাগাদ ঢাকায় পৌঁছান তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরাকে ঘিরে বাংলাদেশে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। তাকে স্বাগত জানাতে ঢাকায় বিশাল গণসংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকাল থেকেই সংবর্ধনা স্থলে ভিড় জমাতে শুরু করেন বিপুল সংখ্যক বিএনপি নেতা-কর্মী ও সমর্থকেরা।

বাংলাদেশের মাটিতে পা রাখার পরই সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানান তারেক রহমান। ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “অবশেষে সিলেটে, বাংলাদেশের মাটিতে!” পোস্টের সঙ্গে দুটি ছবিও শেয়ার করেন তিনি। একটি ছবিতে বিমানের ভিতরে বসে থাকতে দেখা যায় তাকে, অন্যটিতে স্ত্রী জুবাইদা রহমানের সঙ্গে উপস্থিত তারেক রহমান।

তারেক রহমানের প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজধানী ঢাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ঢাকায় পৌঁছেই তিনি পূর্বাচলের জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে যাবেন, যেখানে তাকে সংবর্ধনা দেওয়া হবে। সেখানে দেশবাসীর উদ্দেশে বক্তব্য রাখবেন তিনি। সংবর্ধনা শেষে তিনি তার মা তথা বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন। গুরুত্বপূর্ণ এলাকা ও কর্মসূচি কেন্দ্রিক জায়গাগুলিতে অতিরিক্ত পুলিশ ও সেনা মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, দুর্নীতির একাধিক মামলায় দোষী সাব্যস্ত হয়ে প্রায় দেড় বছর কারাবন্দি ছিলেন তারেক রহমান। বিএনপির দাবি, ওই গ্রেফতার সম্পূর্ণ রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ। ২০০৮ সালে জেল থেকে মুক্তি পেলেও তিনি আর বাংলাদেশে থাকেননি। স্ত্রী ও কন্যাকে নিয়ে লন্ডনে চলে যান তিনি। এরপর দেড় দশকেরও বেশি সময় দেশের বাইরে থেকেই বিএনপির সাংগঠনিক কার্যকলাপ ও রাজনৈতিক সিদ্ধান্তে সক্রিয় ভূমিকা পালন করেছেন।

সম্প্রতি খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি ঘিরে তারেক রহমানের দেশে ফেরার জল্পনা জোরদার হয়। এই প্রেক্ষাপটে মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার স্পষ্ট করে জানায়, তারেক রহমানের দেশে ফেরায় কোনও বাধা নেই। গত ১৬ ডিসেম্বর নিজেই ঘোষণা করেছিলেন, নির্বাচনের আগেই তিনি বাংলাদেশে ফিরবেন। সেই ঘোষণামতোই ২৫ ডিসেম্বর দীর্ঘ নির্বাসনের অবসান ঘটিয়ে বাংলাদেশের মাটিতে ফিরলেন বিএনপির শীর্ষ নেতা।