Monday, February 2, 2026
Latestআন্তর্জাতিক

বাংলাদেশে রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে লেপা হলো কালি, নিন্দার ঝড়

কলকাতা ট্রিবিউন ডেস্ক: বাংলাদেশের কুষ্টিয়া জেলার কুমারখালিতে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ম্যুরালে কালি লেপার ঘটনা ঘিরে তীব্র বিতর্ক ও নিন্দার ঝড় উঠেছে। ২০১৫ সালে নির্মিত এই ম্যুরালটি শুক্রবার ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, ঠাকুরের মুখে কালি লাগানো এবং নাম বিকৃত করা হয়েছে। ঘটনাটি ইদের দিন ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ছবিটি প্রকাশ্যে আসার পর সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দেন সাধারণ মানুষ থেকে শুরু করে বিশিষ্টজনেরা। বাংলার শ্রেষ্ঠ সাহিত্যিককে অপমানের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান অনেকে।

ঘটনার খবর পাওয়ার পরই কুমারখালির অ্যাসিস্ট্যান্ট কমিশনার বিজয়কুমার জোয়ারদার জানান, শুক্রবার দুপুর থেকে বিকেল পর্যন্ত ম্যুরালটির কালি মোছার কাজ সম্পন্ন করা হয়েছে। ঘটনাস্থলে একটি তদন্তকারী দলও পাঠানো হয়, যার মধ্যে ম্যুরালটির শিল্পীও উপস্থিত ছিলেন।

প্রশাসনের তরফে জানানো হয়েছে, নামের বিকৃতি সহ ম্যুরালের ক্ষতি যেটুকু হয়েছিল, তা আপাতত মেরামত করা হয়েছে। যদিও এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ জমা পড়েনি বলে জানিয়েছে স্থানীয় পুলিশ প্রশাসন।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ম্যুরাল ও তার আশপাশের এলাকায় কোনও রক্ষণাবেক্ষণ করা হয়নি। এলাকায় আগাছার জঙ্গল তৈরি হয়েছে, সিসিটিভিও অকেজো অবস্থায় রয়েছে। এই ধরনের উপেক্ষাই এমন ঘটনার সুযোগ করে দিচ্ছে বলে মনে করছেন সচেতন নাগরিকরা।

বর্তমানে প্রশাসনের পক্ষ থেকে ঘটনার তদন্ত চলছে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে শিল্প-সাহিত্যপ্রেমীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।