Monday, March 9, 2026
Latestকলকাতা

Pratik Ur Rahaman: ‘কাগজ আমরা দেখাব না’, ধর্মতলায় মমতার ধর্নামঞ্চ থেকে হুঙ্কার প্রতীক উর রহমানের

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ধর্মতলার মেট্রো চ্যানেলে চলা ধর্না মঞ্চে প্রথমবার বক্তব্য রাখলেন তৃণমূলের নবাগত নেতা প্রতীক উর রহমান। মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করে তিনি বলেন, “পশ্চিমবঙ্গের মাটিতে দিদি হচ্ছে একটা ব্র্যান্ড। বাংলার মানুষ চোখ বন্ধ করে ভরসা করে।”

কয়েকদিন আগেই তৃণমূলে যোগ দিয়েছেন প্রতীক উর রহমান। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তাঁর তৃণমূলে আগমন। শনিবার ধর্মতলার এসআইআর ইস্যুতে আয়োজিত ধর্না মঞ্চ থেকেই দলের মঞ্চে প্রথমবার বক্তব্য রাখেন তিনি।

বক্তব্যের শুরুতেই প্রতীক উর রহমান কৃতজ্ঞতা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি বলেন, “প্রথমেই আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের নেত্রী, বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।”

এছাড়াও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। বলেন, “এখন তিনি মঞ্চে নেই, কিন্তু তাঁর প্রতিও কৃতজ্ঞতা জানাব। আমি অভিভূত, আমি আনন্দিত এত বড় মঞ্চে আমাকে বলার সুযোগ করে দেওয়ার জন্য।”

বক্তব্যে ভারতবর্ষের বৈচিত্র্যের কথাও তুলে ধরেন প্রতীক। একইসঙ্গে বিজেপি, আরএসএস এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধেও তীব্র আক্রমণ শানান তিনি। তাঁর হুঁশিয়ারি, “কাগজ আমরা দেখাব না।”

সংক্ষিপ্ত হলেও তাঁর বক্তব্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি প্রশংসা স্পষ্ট ছিল। বক্তব্য শেষ হওয়ার পর মুখ্যমন্ত্রী নিজেই প্রতীককে উদ্দেশ্য করে বলেন, “ভালো বলেছ, এবার জল খেয়ে নাও।”

উল্লেখ্য, এসআইআর ইস্যুতে শুক্রবার দুপুর থেকে ধর্মতলার মেট্রো চ্যানেলের সামনে ধর্নায় বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাতেও সেখানেই বিশ্রাম নেন তিনি। শনিবারও সেই ধরনামঞ্চ থেকেই বিজেপির বিরুদ্ধে একাধিক ইস্যুতে সরব হন তৃণমূল নেত্রী। একই মঞ্চ থেকেই বক্তব্য রাখেন দলের একাধিক নেতা-নেত্রী, যার মধ্যে প্রতীক উর রহমানের বক্তব্য বিশেষভাবে নজর কেড়েছে।