Tuesday, May 5, 2026
Latestরাজ্য​

‘আমরা তো হারিনি, জোর করে মিথ্যা বলে, অত্যাচার করে হারানো হয়েছে’, সাংবাদিক সম্মেলনে দাবি মমতার

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ভরাডুবি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়-নেতৃত্বাধীন তৃণমূলের। ২০৮টি আসন পেয়ে রাজ্যের ক্ষমতায় এসেছে বিজেপি। তবে এই ফলাফলকে ‘স্বাভাবিক হার’ হিসেবে মানতে নারাজ তৃণমূল নেতৃত্ব।

মঙ্গলবার বিকেলে কালীঘাটের কার্যালয় থেকে সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট ভাষায় বলেন, “আমরা তো হারিনি। জোর করে মিথ্যা বলে, অত্যাচার করে হারানো হয়েছে।” তাঁর অভিযোগ, গণনাকেন্দ্র থেকে তৃণমূলের এজেন্টদের বের করে দেওয়া হয়েছে এবং ফর্ম ১৭সি কেড়ে নেওয়া হয়েছে। তিনি দাবি করেন, “ওরা যদি স্বাভাবিকভাবে জিতত, আমার কিছু বলার থাকত না। কিন্তু আমরা হারিনি। তাই ইস্তফা কেন দেব?”

নির্বাচন প্রক্রিয়ায় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তাঁর অভিযোগ, নির্বাচন কমিশন সরাসরি বিজেপির প্রভাবেই কাজ করেছে। এখানে বিজেপির কথায় কমিশন খেলেছে।

এবারের নির্বাচনে নিজের শক্ত ঘাঁটি ভবানীপুর কেন্দ্র থেকেও পরাজিত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ১৫ হাজারের বেশি ভোটে তিনি হেরে গিয়েছেন শুভেন্দু অধিকারীর কাছে। সোমবার রাত পর্যন্ত টানটান লড়াইয়ের পর ফলাফল ঘোষণা হয়।

গণনার দিন থেকেই কারচুপির অভিযোগ তুলেছিলেন তৃণমূল নেত্রী। তাঁর দাবি, কয়েক রাউন্ড গণনার পর থেকেই তৃণমূল কর্মীদের উপর হামলা শুরু হয়। “মেরেছে, মেয়েদেরও ছাড়েনি। ১৭সি ফর্ম কেড়ে নিয়েছে।” এমনকি তাঁকে ব্যক্তিগতভাবে হেনস্তার অভিযোগও তোলেন। তাঁর কথায়, “আমি ভিতরে ঢুকলে আমার পেটে মারে, ম্যানহ্যান্ডেল করে, ধাক্কা দিয়ে বের করে দেয়।”

এই পুরো নির্বাচন প্রক্রিয়াকে ইতিহাসের ‘কালো অধ্যায়’ বলে উল্লেখ করেছেন তিনি। পাশাপাশি দলের কর্মীদের উদ্দেশে তিনি বলেন, অনেকেই হয়তো চাপের মুখে বিজেপিতে যোগ দেবেন, কারণ বাঁচতে হবে।