দিল্লি বিস্ফোরণকান্ডে উত্তর দিনাজপুর থেকে গ্রেফতার মেডিক্যাল পড়ুয়া
কলকাতা ট্রিবিউন ডেস্ক: দিল্লির লাল কেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণের তদন্তে নতুন মোড়। উত্তর দিনাজপুরের সূর্যাপুর বাজার এলাকা থেকে গ্রেফতার করা হল এক মেডিক্যাল ছাত্রকে। ধৃত যুবক হরিয়ানার আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের এমবিবিএসের ছাত্র। শুক্রবার ভোরে এনআইএ-র বিশেষ দল সূর্যাপুর বাজার চত্বর থেকে তাকে আটক করে।
তদন্তকারী সংস্থার অনুমান, বিস্ফোরণকাণ্ডে ধৃত তিন চিকিৎসকের সঙ্গে আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের যে যোগসূত্র সামনে এসেছে, তার সঙ্গেই ধৃতের যোগাযোগ থাকতে পারে। সহপাঠীদের জিজ্ঞাসাবাদের সূত্র ধরে তাকে আটক করা হয়েছে বলে খবর।
তবে ঘটনায় হতবাক ধৃতের পরিবার। তার চাচা বলেন, “অত্যন্ত শান্ত ও ভদ্র স্বভাবের ছেলে। সে শুধু পড়াশোনা নিয়েই থাকে। এমন কোনও কার্যকলাপে ও জড়িত থাকতে পারে—ভাবতেই পারছি না।” পরিবারের দাবি, নিশার কখনও কোনও অসামাজিক কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিল না। তার মায়ের কাছে ফোনে ছেলের আটক হওয়ার খবর পৌঁছোতেই বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।
গ্রামের বাসিন্দাদের কথায়, “শান্ত, ভদ্র এবং শিক্ষিত পরিবারের ছেলে। বিস্ফোরণের সঙ্গে তার নাম জড়ানোয় তারা বিস্মিত।”
ইতিমধ্যেই বিস্ফোরণকাণ্ডে জড়িত অভিযোগে ৩ চিকিৎসককে গ্রেফতার করেছে এনআইএ। যাদের সঙ্গেও আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক রয়েছে। এবার সেই একই শিক্ষাপ্রতিষ্ঠানের এক ছাত্রকে গ্রেফতার করায় আরও জোরালো প্রশ্ন উঠছে, বিস্ফোরণ চক্রের ভরকেন্দ্র কি তবে ফরিদাবাদের এই বিশ্ববিদ্যালয়ই?


