সিলিন্ডার বুকিংয়ে নতুন নিয়ম, বছরে সর্বোচ্চ ১৫টি সিলিন্ডার
কলকাতা ট্রিবিউন ডেস্ক: দেশে গৃহস্থালির এলপিজি (LPG) গ্যাস সিলিন্ডার বুকিংয়ের নিয়মে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, এখন একটি সিলিন্ডার ডেলিভারি পাওয়ার পর পরবর্তী সিলিন্ডার পাওয়ার জন্য অন্তত ২১ দিন অপেক্ষা করতে হবে।
এর আগে এই ব্যবধান ছিল ১৫ দিন। নতুন নির্দেশিকা কার্যকর করতে ইতিমধ্যেই গ্যাস এজেন্সিগুলির সফটওয়্যার আপডেট করা হয়েছে বলে জানা গিয়েছে।
তবে বুকিংয়ের পদ্ধতিতে আপাতত কোনও পরিবর্তন করা হয়নি। গ্রাহকেরা আগের মতোই সিলিন্ডার পাওয়ার সঙ্গে সঙ্গেই পরবর্তী বুকিং করতে পারবেন। যদিও কেন্দ্রীয় মন্ত্রক ভবিষ্যতে এমন নিয়ম চালু করার বিষয়েও ভাবছে, যাতে ২১ দিন পূর্ণ না হলে নতুন করে বুকিং করা সম্ভব না হয়।
নতুন নিয়ম অনুযায়ী, একজন গ্রাহক বছরে সর্বাধিক ১২টি ভর্তুকিযুক্ত সিলিন্ডার নিতে পারবেন। এর পাশাপাশি আরও ৩টি সিলিন্ডার ভর্তুকি ছাড়া কেনার সুযোগ রয়েছে। অর্থাৎ ১ এপ্রিল থেকে ৩১ মার্চ পর্যন্ত একটি গ্যাস সংযোগে মোট ১৫টি সিলিন্ডার কেনা সম্ভব।
তেল সংস্থাগুলির নির্দেশিকা অনুযায়ী, বুকিং করার ২৪ ঘণ্টার মধ্যেই সিলিন্ডার সরবরাহ করার কথা। যদিও বাস্তবে অনেক জায়গায় ডেলিভারিতে দেরির অভিযোগ ওঠে।
অন্যদিকে সম্প্রতি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দামও বেড়েছে। ৭ মার্চ থেকে দিল্লিতে ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ১১৫ টাকা বাড়িয়ে ১,৮৮৩ টাকা করা হয়েছে। মুম্বাইয়ে একই সিলিন্ডারের দাম হয়েছে ১,৮৩৫ টাকা।
নতুন এই নিয়মের ফলে একদিকে সিলিন্ডারের অপব্যবহার বা অতিরিক্ত মজুত কমানো যাবে বলেই মনে করছে তেল সংস্থাগুলি।


