পুলিশের ভরসাতেই তৃণমূল টিকে আছে,পুলিশ নিরপেক্ষ থাকলে মাত্র ৩০ সেকেন্ডে তৃণমূলের খেলা শেষ করে দেব: মিঠুন চক্রবর্তী
কলকাতা ট্রিবিউন ডেস্ক: ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) নিশানা করে তীব্র কটাক্ষ করলেন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। তাঁর বক্তব্যে বারবার উঠে আসে রাজ্যের আইনশৃঙ্খলা ও প্রশাসনের ভূমিকার প্রসঙ্গ।
মিঠুন বলেন, “এর আগে হাত ভেঙেছেন, পা ভেঙেছেন, এবার সতর্ক থাকবেন কিন্তু। হয়তো দেখবেন আইসিইউ থেকে বক্তৃতা দিচ্ছেন। উনি চাইলে আইসিইউ থেকেও বক্তৃতা দিতে পারেন।” এই মন্তব্যের মাধ্যমে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেন তিনি।
ব্রিগেডের মঞ্চে দাঁড়িয়ে মিঠুনের দাবি, বাংলায় বর্তমানে এক ধরনের অরাজক পরিস্থিতি চলছে। তাঁর অভিযোগ, রাজ্যে উন্নয়ন হয়নি, বরং রাজনৈতিক স্বার্থে বাঙালি সমাজের মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে। তাঁর কথায়, তৃণমূল সরকার পুলিশের ভরসাতেই টিকে রয়েছে।
এদিন কালো টুপি, গলায় গেরুয়া উত্তরীয় এবং ঘাড় পর্যন্ত নেমে আসা সাদা-কালো ঝাঁকড়া চুলে পরিচিত ভঙ্গিতেই বক্তব্য রাখেন মিঠুন। মাইকের সামনে ঝুঁকে তিনি বলেন, “পুলিশ যদি নিরপেক্ষ থাকে, মাত্র ৩০ সেকেন্ডে তৃণমূলের খেলা শেষ করে দেব।”
সভা থেকে বাংলার আদিবাসী ও জনজাতি সম্প্রদায়ের উদ্দেশেও বার্তা দেন তিনি। মিঠুনের দাবি, বিজেপি ক্ষমতায় এলে তাঁদের দুঃখের দিন শেষ হবে। একইসঙ্গে আলু চাষিদের কথাও উল্লেখ করে তিনি বলেন, বিজেপি সরকার এলে তাঁদের সমস্যারও সমাধান হবে।
মুখ্যমন্ত্রীকে নিশানা করে তিনি আরও বলেন, “আমি বাতেলা দিই না, যা বলি স্ট্রেইট কাট বলি। আমি এত চিফ মিনিস্টার দেখেছি, কিন্তু ওনার মতো মিথ্যেবাদী চিফ মিনিস্টার কখনও দেখিনি।” তাঁর অভিযোগ, শিক্ষা ব্যবস্থা ও কর্মসংস্থানের পরিবেশ নষ্ট করে সমাজকে ভেঙে দেওয়া হয়েছে।
বক্তৃতার শেষেও নিজের পরিচিত ‘গোখরো’ ডায়লগ শোনান মিঠুন। এরপর হেসে বলেন, “এগুলো তো মনোরঞ্জনের জন্য বললাম। বাকিটা তো আপনারাই বলে দিলেন।”


