Thursday, January 22, 2026
রাজ্য​

নিজাম প্যালেসে মমতা, আমাকেও গ্রেফতার না করলে সিবিআই দফতর থেকে বের হবো না

কলকাতা: নারদ কান্ডে ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, শোভন চট্টোপাধ্যায় এবং মদন মিত্রকে গ্রেফতার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই)। এই ঘটনার কিছুক্ষণ পরই নিজাম প্যালেসে পৌঁছালেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সকালে নবান্নে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়েছিলেন মমতা। তবে নবান্নে না গিয়ে সোজা চলে যান নিজাম প্যালেসে। সকাল ১০ টা ৪৭ মিনিটে নিজাম প্যালেসের ১৫ তলায় দুর্নীতিদমন শাখার অফিসে পৌঁছন তিনি।

তৃণমূলের নেতা তথা আইনজীবী অনিন্দ্য রাউত বলেন, ‘বেআইনিভাবে’ গ্রেফতারের প্রতিবাদে তাঁকেও গ্রেফতারের দাবি তুলেছেন মমতা। না হলে তিনি সিবিআই দফতর থেকে বের হবেন না।

শনিবার সকাল ৯টা নাগাদ চেতলায় ফিরহাদের বাড়িতে অভিযান চালান সিবিআই। তখন বাড়ির চারপাশ ঘিরে রাখে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। ফিরহাদ বলেন, নারদ মামলায় আমাকে গ্রেফতার করা হল। তবে আমাকে আগাম কোনও নোটিশ দেওয়া হয়নি।

সিবিআইয়ের তরফে বলা হয়েছে, ফিরহাদকে গ্রেফতার করা হয়নি। সোমবার নারদকাণ্ডে ফিরহাদ-সহ পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়া হবে। সেজন্য শোভন চট্টোপাধ্যায়, তৃণমূল বিধায়ক মদন মিত্র, পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়কে নিজাম প্যালেসে আনা হয়েছে। প্রাক্তন আইপিএস অফিসার এস এম এইচ মির্জাকেও নিয়ে আসা হচ্ছে। পরে সিবিআইয়ের দাবি, শোভন, ফিরহাদ, সুব্রত এবং মদনকে গ্রেফতার দেখানো হয়েছে।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।