Sunday, February 8, 2026
Latestদেশ

মহারাষ্ট্রে এনকাউন্টারে খতম শীর্ষ মাওবাদী কমান্ডর-সহ ৭, শহিদ এক কম্যান্ডো

কলকাতা ট্রিবিউন ডেস্ক: মহারাষ্ট্রের গড়চিরোলি জেলাকে নকশালমুক্ত করার লক্ষ্যে বড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। গড়চিরোলি জেলার ভামরাগড় তহসিলের আবুজমাড় জঙ্গলে মঙ্গলবার সন্ধ্যায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে শীর্ষ মাওবাদী নেতা প্রভাকর-সহ মোট ৭ জন মাওবাদী নিহত হয়েছে। নিহত প্রভাকরের মাথার দাম ছিল ২৫ লক্ষ টাকা।

গোপন সূত্রে পাওয়া নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গড়চিরোলি পুলিশের সি-৬০ কম্যান্ডো ইউনিট এবং সিআরপিএফ-এর কুইক অ্যাকশন টিম (QAT) যৌথভাবে অভিযান চালায়। গড়চিরোলি-নারায়ণপুর সীমান্তবর্তী ফোড়েওয়াড়া গ্রামের কাছে এই সংঘর্ষের ঘটনা ঘটে। দীর্ঘক্ষণ গুলির লড়াইয়ের পর ৭ জন মাওবাদীকে নিকেশ করা হয়।

নিরাপত্তা সূত্রে জানা গিয়েছে, নিহত প্রভাকর ছিলেন সিপিআই (মাওবাদী)-র গড়চিরোলি ডিভিশন কমিটির ইনচার্জ, ওয়েস্ট সাব-জোনাল ব্যুরোর দায়িত্বপ্রাপ্ত এবং কোম্পানি নম্বর ৭-এর প্রধান। তেলঙ্গানার কামারেড্ডি জেলার বাসিন্দা প্রভাকর দীর্ঘদিন ধরেই নিরাপত্তা বাহিনীর ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় ছিলেন।

এই অভিযানে শহিদ হয়েছেন গড়চিরোলি পুলিশের সি-৬০ ইউনিটের এক কম্যান্ডো। নিহত পুলিশকর্মীর নাম দীপক ছিন্না মাদাভি (৩৮)। তিনি স্পেশাল অপারেশন টিম প্রানাহিতার সঙ্গে যুক্ত ছিলেন। দীপক মাদাভি গড়চিরোলির আহেরি তহসিলের মন্দারা-দামরাঞ্চা এলাকার বাসিন্দা ছিলেন।

পুলিশ সূত্রে জানানো হয়েছে, সংঘর্ষে নিহত সাতজন মাওবাদীর মধ্যে চারজন পুরুষ ও তিনজন মহিলা। বাকি নিহতদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। অভিযানের সময় সিপিআই (মাওবাদী)-র একাধিক ক্যাম্প ধ্বংস করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

বর্তমানে এলাকায় তল্লাশি অভিযান চলছে। গড়চিরোলিকে সম্পূর্ণ নকশালমুক্ত করার লক্ষ্যে নিরাপত্তা বাহিনীর অভিযান আরও জোরদার করা হবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।