কালিয়াগঞ্জ কাণ্ডে সিটকে সাহায্য করছে না রাজ্য পুলিশ! নিজেদের বিপদ ডেকে আনছে রাজ্য, CBI দেব নাকি? চরম হুঁশিয়ারি বিচারপতির
কলকাতা ট্রিবিউন ডেস্ক: কালিয়াগঞ্জে নাবালিকাকে ধর্ষণের পর খুনের অভিযোগে উত্তাল হয়ে উঠেছিল গোটা রাজ্য। ঘটনার তদন্তের জন্য বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করা হয়েছিল। কিন্তু অভিযোগ সিটকে সহযোগিতা করছে না রাজ্য পুলিশ।
বিচারপতির এজলাসে এহেন অভিযোগ ওঠার কড়া হুঁশিয়ারি দিলেন বিচারপতি মান্থা। তিনি বলেন, ‘সিটকে রাজ্য পুলিশ সাহায্য করছে না বলে অভিযোগ। রাজ্য নিজেই নিজের বিপদ ডেকে আনছে। সিট যাতে কাজ করতে না পারে সেই চেষ্টাই করছে রাজ্য। এবার কি সিবিআইকে তদন্তভার দিলে ভালো হবে?’
উল্লেখ্য, চলতি বছরের এপ্রিলে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে দ্বাদশ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে। অগ্নিগর্ভ হয়ে ওঠে কালিয়াগঞ্জ। নির্যাতিতা ওই ছাত্রীর দেহ পুলিশ প্রকাশ্যে টানতে টানতে নিয়ে গেলে বিক্ষোভ চরমে ওঠে। পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি করা হয়। পুলিশের উপর হামলার ঘটনাও ঘটে। আগুন ধরিয়ে দেওয়া হয় থানায়। ঘটনায় তদন্তের জন্য সিট গঠনের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট।

