Howrah- Kamakhya Vande Bharat: হাওড়া-কামাখ্যা বন্দে ভারত স্লিপারে মিলবে আমিষ খাবার, দেখে নিন মেনু
কলকাতা ট্রিবিউন ডেস্ক: হাওড়া-কামাখ্যা বন্দে ভারত স্লিপার ট্রেনের যাত্রীদের জন্য বড় স্বস্তির খবর। এতদিন শুধুমাত্র নিরামিষ খাবার পরিবেশন করা হলেও, খুব শীঘ্রই এই প্রিমিয়াম ট্রেনে আমিষ খাবারও যুক্ত হতে চলেছে। সম্প্রতি ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন লিমিটেড (IRCTC) জানিয়েছে, যাত্রীরা এবার নিরামিষ ও আমিষ—দু’ধরনের খাবারের মধ্যেই পছন্দমতো বিকল্প বেছে নিতে পারবেন।
চলতি বছরের ২২ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্বোধনের মাধ্যমে যাত্রা শুরু করে কামাখ্যা-হাওড়া বন্দে ভারত স্লিপার ট্রেন। আধুনিক সুযোগ-সুবিধা, প্রিমিয়াম পরিষেবা এবং সেমি হাই-স্পিড প্রযুক্তির জন্য অল্প সময়ের মধ্যেই যাত্রীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে এই ট্রেন। অনেক যাত্রীই ট্রেনের অভিজ্ঞতাকে বিমানের সঙ্গে তুলনা করছেন।
তবে ট্রেন চালুর পর থেকেই খাবার নিয়ে অসন্তোষ দেখা দিয়েছিল। বিশেষ করে পশ্চিমবঙ্গ ও আসামের যাত্রীদের মধ্যে ক্ষোভ বাড়ছিল, কারণ এই দুই রাজ্যের উল্লেখযোগ্য অংশের মানুষ মাছ, ডিম ও মুরগির মতো আমিষ খাবার পছন্দ করেন। সামাজিক মাধ্যমে ধারাবাহিক অভিযোগ ও সমালোচনার জেরে বিষয়টি রাজনৈতিক বিতর্কেও রূপ নেয়।
রেল সূত্রে খবর, যাত্রীদের পছন্দ, আঞ্চলিক খাদ্যাভ্যাস এবং সার্বিক সুবিধার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। IRCTC জানিয়েছে, নতুন ব্যবস্থায় খাবারের মান, স্বাদ ও পুষ্টিগুণের দিকে বিশেষ নজর রাখা হবে।
কী থাকছে নতুন মেনুতে
নতুন পরিবর্তনের অধীনে, নিরামিষ খাবারের ক্ষেত্রে পনির মশলা এবং আমিষ খাবারের ক্ষেত্রে মুরগির পদ বেছে নেওয়ার সুযোগ পাবেন যাত্রীরা। আমিষ থালিতে প্রায় ৭০ গ্রাম মুরগির গ্রেভি পরিবেশন করা হবে, যেখানে ৫০ থেকে ৬০ গ্রাম হাড়বিহীন মুরগি থাকবে। খাবারটি বাঙালি ও অসমীয়া স্বাদ অনুযায়ী প্রস্তুত করা হবে বলে জানানো হয়েছে।
তবে মূল মেনুর বাকি অংশ অপরিবর্তিত থাকবে। এর মধ্যে থাকছে জিরা কর্ন পোলাও, পরোটা, ডাল, অসমীয়া স্টাইলের সবজি, এবং মিষ্টি হিসেবে রসগোল্লা।
রেলের এই সিদ্ধান্তে খুশি যাত্রীরা। তাঁদের মতে, আঞ্চলিক রুচিকে সম্মান জানিয়ে খাবারের বৈচিত্র্য আনা বন্দে ভারত স্লিপার ট্রেনের যাত্রাকে আরও আরামদায়ক ও জনপ্রিয় করে তুলবে।


