Tuesday, February 3, 2026
Latestদেশ

India-US trade deal: আমেরিকার সঙ্গে চূড়ান্ত ভারতের বাণিজ্যচুক্তি, ভারতীয় পণ্যে শুল্ক কমে হচ্ছে ১৮%

কলকাতা ট্রিবিউন ডেস্ক: দীর্ঘদিনের টালবাহানা ও কূটনৈতিক টানাপোড়েনের অবসান। অবশেষে ভারতের সঙ্গে চূড়ান্ত বাণিজ্যচুক্তির ঘোষণা করল আমেরিকা। এই চুক্তির ফলে ভারতীয় পণ্যের উপর চাপানো শুল্কের হার ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ করা হচ্ছে বলে জানা গিয়েছে। সোমবার নিজের সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশাল’-এ এই ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

জানা গিয়েছে, এই ঘোষণার আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে ফোনে কথা হয়। সেই ফোনালাপের পরই দুই দেশের মধ্যে বাণিজ্যচুক্তি চূড়ান্ত হওয়ার কথা প্রকাশ্যে আনেন ট্রাম্প।

উল্লেখ্য, গত কয়েক বছর ধরে ভারত-আমেরিকার বাণিজ্য সম্পর্ক নিয়ে একাধিকবার চাপানউতোর তৈরি হয়েছিল। বিশেষ করে ২০২৫ সালে পরপর দু’বার ভারতের পণ্যের উপর শুল্ক আরোপের কথা ঘোষণা করেছিল আমেরিকা। ভেনেজুয়েলার খনিজ তেল কেনা নিয়ে ভারত-সহ একাধিক দেশের উপর ক্ষুব্ধ হয়েছিল মার্কিন প্রশাসন। তার জেরেই ভারতীয় পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক চাপানো হয় বলে জানা যায়।

এরপর রাশিয়ার সঙ্গে ভারতের ঘনিষ্ঠ সম্পর্ক নিয়েও আপত্তি তোলে ওয়াশিংটন। সেই সময় আরও অতিরিক্ত শুল্ক আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে খবর। ফলে আমেরিকার বাজারে ভারতীয় পণ্যের ভবিষ্যৎ নিয়ে বড়সড় অনিশ্চয়তা তৈরি হয়েছিল।

এই পরিস্থিতিতে দীর্ঘদিন ধরে দু’দেশের মধ্যে কূটনৈতিক স্তরে আলোচনা চললেও কোনও স্পষ্ট সবুজ সংকেত মিলছিল না। শেষ পর্যন্ত ফেব্রুয়ারি মাসের শুরুতেই বরফ গলল। ভারত ও আমেরিকার মধ্যে বাণিজ্যচুক্তি চূড়ান্ত হওয়ার কথা প্রকাশ্যে এল।

ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্গিয়ো গর সামাজিক মাধ্যমে প্রথম এই চুক্তির বিষয়ে ইঙ্গিত দেন। সেখান থেকেই জানা যায়, শুল্ক সংক্রান্ত বিষয়ে দুই দেশ সমঝোতায় পৌঁছেছে। এর ফলে আগামী দিনে ভারতীয় পণ্যের উপর শুল্কের হার ১৮ শতাংশেই স্থির থাকবে।

এই ঘোষণার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক মাধ্যমে মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়েছেন। এক্স হ্যান্ডেলে মোদি লেখেন, “প্রিয় বন্ধু রাষ্ট্রপতি ট্রাম্পের সঙ্গে কথা বলতে পেরে আমি আনন্দিত। ভারতে তৈরি পণ্যের উপর এখন ১৮ শতাংশ শুল্ক কমানো হয়েছে জেনে আনন্দিত। এই ঘোষণার জন্য ভারতের ১৪০ কোটি জনগণের পক্ষ থেকে রাষ্ট্রপতি ট্রাম্পকে অনেক ধন্যবাদ।”

বিশেষজ্ঞদের মতে, এই বাণিজ্যচুক্তি কার্যকর হলে আমেরিকার বাজারে ভারতীয় পণ্যের প্রতিযোগিতা ক্ষমতা আরও বাড়বে। পাশাপাশি দু’দেশের অর্থনৈতিক সম্পর্ক নতুন গতি পাবে বলেও আশা করা হচ্ছে।