Tuesday, March 10, 2026
Latestদেশ

অগ্নিগর্ভ নেপাল, ভারতীয়দের সতর্ক থাকার পরামর্শ দিল্লির

কলকাতা ট্রিবিউন ডেস্ক: নেপালে ক্রমশ পরিস্থিতি ভয়াবহ হচ্ছে। সরকারবিরোধী প্রতিবাদের অগ্নিগর্ভ আবহে দেশের বিভিন্ন জায়গায় অশান্তি ছড়িয়ে পড়েছে। বিক্ষোভকারীরা রাষ্ট্রপতি ভবনসহ একাধিক মন্ত্রী-নেতার বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। পরিস্থিতির জেরে নেপালের বিভিন্ন শহরে কার্ফু জারি করা হয়েছে। বিশ্বজুড়ে নজর কাড়ছে নেপালের এই অস্থিতিশীল রাজনৈতিক অবস্থা। পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি ওপি।

এই সংকটময় পরিস্থিতিতে ভারতীয় সরকার সতর্কতার বার্তা দিয়েছে। দিল্লি থেকে প্রকাশিত এক প্রেস বিবৃতিতে বলা হয়েছে, নেপালের পরিস্থিতির প্রতি কড়া নজর রাখা হচ্ছে। নেপালে অবস্থানরত ভারতীয় নাগরিকদের সাবধানতা অবলম্বন করতে বলা হয়েছে। ভারতের নির্দেশনায় বলা হয়েছে, স্থানীয় প্রশাসনের নিয়মাবলী মেনে চলতে হবে এবং প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে হবে।

ভারতীয় দূতাবাসের এক্স হ্যান্ডলে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, “নেপালের তরুণ সমাজের হাজার হাজার প্রাণহানি অত্যন্ত দুঃখজনক। নিহতদের পরিবারদের প্রতি আমাদের গভীর সমবেদনা। বর্তমানে নেপালের কর্তৃপক্ষ কাঠমান্ডুসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে কার্ফু জারি করেছে। ভারতীয় নাগরিকদের সতর্ক থাকার অনুরোধ করা হচ্ছে।”

নেপাল সরকার সম্প্রতি ফেসবুক, ইউটিউব, এক্সসহ প্রায় ২৬টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নিষিদ্ধ করে। নথি সরবরাহের সাত দিনের ডেডলাইন উপেক্ষা করায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এই নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে তরুণ সমাজের ক্ষোভ চরমে ওঠে এবং তারা রাস্তায় নেমে গণবিক্ষোভ শুরু করে।

এই ঘটনায় ভারত-নেপাল সীমান্তেও কড়া নিরাপত্তা ব্যবস্থা জারি করা হয়েছে। বিহার, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, সিকিম ও পশ্চিমবঙ্গ—নেপালের সীমানার পাঁচটি ভারতীয় রাজ্যে সীমান্তের নজরদারি জোরদার করা হয়েছে। ভারতীয় সীমান্ত নিরাপত্তা বাহিনী পর্যাপ্ত প্রস্তুতি নিয়ে অবস্থান করছে যাতে অস্থিরতা ছড়িয়ে না পড়ে।