Tuesday, May 26, 2026
Latestদেশ

IIT-Hyderabad: নেদারল্যান্ডস-ভিত্তিক কোম্পানিতে আড়াই কোটি টাকার প্যাকেজ পেলেন ২১ বছরের আইআইটি পড়ুয়া

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, হায়দরাবাদ (আইআইটি হায়দরাবাদ)-এর ইতিহাসে নজির গড়লেন এক পড়ুয়া। প্রতিষ্ঠার পর এই প্রথম বার্ষিক আড়াই কোটি টাকার প্যাকেজে চাকরি পেলেন আইআইটি হায়দরাবাদের কোনও ছাত্র। কম্পিউটার সায়েন্স বিভাগের বি.টেক শেষ বর্ষের পড়ুয়া এডওয়ার্ড নাথান ভার্গিস এই সাফল্য অর্জন করেছেন।

আইআইটি হায়দরাবাদ সূত্রে জানা গিয়েছে, নেদারল্যান্ডস-ভিত্তিক গ্লোবাল ট্রেডিং সংস্থা অপটিভার (Optiver)-এ চাকরির প্রস্তাব পেয়েছেন এডওয়ার্ড। গ্রীষ্মকালীন ইন্টার্নশিপের পর প্রি-প্লেসমেন্ট অফার হিসেবে তাঁকে এই চাকরির প্রস্তাব দেওয়া হয়। আগামী জুলাই মাসে ওই সংস্থায় যোগ দেওয়ার কথা তাঁর।

প্রতিষ্ঠান সূত্রে আরও জানানো হয়েছে, আইআইটি হায়দরাবাদ চালু হওয়ার পর (২০০৮ সাল) এত বড় অঙ্কের প্যাকেজ এর আগে কেউ পাননি। এর আগে ২০১৭ সালে একজন পড়ুয়া সর্বোচ্চ ১ কোটি টাকার চাকরির প্রস্তাব পেয়েছিলেন। চলতি ক্যাম্পাস প্লেসমেন্টে কম্পিউটার সায়েন্স বিভাগের আরও এক পড়ুয়া ১.১ কোটি টাকার প্যাকেজের প্রস্তাব পেয়েছেন।

জানা গিয়েছে, অপটিভারে দুই মাসের ইন্টার্নশিপ ও প্রশিক্ষণকালীন পারফরম্যান্সের ভিত্তিতেই এই সুযোগ পান এডওয়ার্ড নাথান ভার্গিস। তাঁর জন্ম ও বেড়ে ওঠা হায়দরাবাদে। সপ্তম শ্রেণি থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়াশোনা করেছেন বেঙ্গালুরুতে। পরে ফের হায়দরাবাদে ফিরে এসে আইআইটি হায়দরাবাদে ভর্তি হন তিনি।

এদিকে, দেশের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলির আন্তর্জাতিক সম্প্রসারণের দিকেও নজর বাড়ছে। গত নভেম্বরে জানা যায়, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি খড়গপুর (আইআইটি খড়গপুর) আমেরিকায় তাদের দ্বিতীয় শাখা চালু করতে চলেছে। মার্কিন যুক্তরাষ্ট্রে আইআইটি খড়গপুরের এক প্রাক্তনী একটি বাড়ি দান করেছেন। সেখানেই গড়ে উঠবে খড়গপুর আইআইটি-র একটি আউটরিচ সেন্টার।

দিন কয়েক আগে এক সাংবাদিক বৈঠকে আইআইটি খড়গপুরের অধিকর্তা সুমন চক্রবর্তী এই তথ্য জানান। তাঁর কথায়, আন্তর্জাতিক স্তরে আইআইটি খড়গপুরের উপস্থিতি আরও মজবুত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

দেশের আইআইটি পড়ুয়াদের সাফল্য এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলির বৈশ্বিক বিস্তার—দু’দিক থেকেই এই খবর নতুন করে আশার আলো দেখাচ্ছে।