Thursday, October 8, 2026
রাজ্য​

৫০০ নয়, বিজেপি বাংলায় ক্ষমতায় এলে মহিলাদের মাসে ২ হাজার টাকা করে দেবে: শুভেন্দু

কলকাতা ট্রিবিউন ডেস্ক: পঞ্চায়েত ভোটের প্রচারে গিয়ে বড় ঘোষণা দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ‘বাংলায় বিজেপি ক্ষমতায় এলে বাংলার মহিলাদের মাসে ৫০০ টাকা নয়, ২ হাজার টাকা করে দেওয়া হবে।’

শুভেন্দু অধিকারী বলেন, “বিজেপি শাসিত অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা মাতৃশক্তিকে মাসে ৩ হাজার টাকা করে দেন। আমাদের মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ঢাক ঢোল বাজান না, ২ হাজার টাকা করে মাতৃমণ্ডলীর অ্যাকাউন্টে পাঠিয়ে দেন। পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে ৫০০ নয়, রাজ্য সভাপতি ঘোষণা করেছেন, বিজেপি ২ হাজার টাকা করে মাতৃমণ্ডলীকে মাসে দেবে।”

উল্লেখ্য, তৃণমূল সরকার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় মহিলাদের মাসে ৫০০ টাকা করে দেয়। যা নিয়ে তৃণমূলের বিরুদ্ধে বারবার সরব হতে দেখা গিয়েছে বিজেপিকে। গেরুয়া শিবিরের দাবি, প্রকল্পের বদলে চাকরির ব্যবস্থা করা হোক। তা না দিয়ে ৫০০ টাকা দিয়ে ভোট কেনা হচ্ছে বলে অভিযোগ করেন বিরোধী নেতারা। এবার বিজেপিই বলছে, ক্ষমতায় এলে তারা মাসে ২০০০ টাকা করে দেবে।