SSC-র নতুন নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না ‘দাগি’ প্রার্থীরা
কলকাতা ট্রিবিউন ডেস্ক: নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় ফের আদালতের কাছে হোঁচট খেল রাজ্য সরকার ও স্কুল সার্ভিস কমিশন (SSC)। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল, SSC-র নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন না দুর্নীতিতে জড়িত তথা চিহ্নিত ‘দাগি’ প্রার্থীরা। বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ বুধবার এই রায় দেয়। এর ফলে এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার আদালতের দরজা থেকে খালি হাতে ফিরল রাজ্য সরকার ও SSC।
উল্লেখ্য, আগে কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের বিচারপতি সৌগত ভট্টাচার্য এই মামলায় রায় দিয়েছিলেন যে, অযোগ্য এবং দুর্নীতিতে যুক্ত প্রার্থীরা নতুন নিয়োগ প্রক্রিয়ায় বসতে পারবেন না। সেই রায়ের বিরোধিতা করে রাজ্য সরকার ও SSC ডিভিশন বেঞ্চে আবেদন জানায়। কিন্তু ডিভিশন বেঞ্চও সিঙ্গল বেঞ্চের রায়কে অপরিবর্তিত রাখে।
এ প্রসঙ্গে মামলাকারীদের অন্যতম আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, “আমাদের দুর্ভাগ্য যে এই ধরনের মামলাও আমাদের করতে হচ্ছে। যে কাজ সরকারের নিজে থেকেই করার কথা, তা আদালতের মাধ্যমে করাতে হচ্ছে।” তিনি আরও বলেন, “আমাকে ব্যক্তিগত কাজ ফেলে আদালতে সওয়াল করতে হচ্ছে, কারণ ন্যায়বিচার চাই।”
মামলার আরেক আইনজীবী ফিরদৌস শামিমের বক্তব্য, “অযোগ্যদের জন্য লড়ছে রাজ্য সরকার। প্রশ্ন হচ্ছে—এই বিষয়ে সরকারের ভূমিকা কেন? তারা কি বার্তা দিচ্ছে যে, সরকার দুর্নীতিতে অভিযুক্তদের পাশেই আছে?”
বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের বক্তব্য, “এই সরকার এখনও তৃণমূলের সরকার হয়েই রয়েছে, জনগণের সরকার হতে পারেনি। জনগণের করের টাকা খরচ করে আদালতে মামলা লড়া হচ্ছে, তাও হেরে যাচ্ছে।”
এই রায় শিক্ষা ব্যবস্থার স্বচ্ছতা ও নৈতিকতা রক্ষার লড়াইয়ে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে ধরা হচ্ছে। পাশাপাশি, আদালতের এহেন অবস্থান দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে কড়া বার্তা দিল বলে মনে করছেন বিশ্লেষকরা।
– সংবাদ সংস্থা


