রাস্তা আটকে বনধ? CPIM নেতাকে প্রকাশ্যে চড় আইসি-র
কলকাতা ট্রিবিউন ডেস্ক: সর্বভারতীয় সাধারণ ধর্মঘটের (বনধ) দিন রাজ্যের দক্ষিণ দিনাজপুরে অশান্তির ঘটনা। বনধের সমর্থনে রাস্তায় নামা সিপিএম নেতাকে প্রকাশ্যে চড় মারলেন থানার আইসি। ঘটনায় রাজনৈতিক উত্তেজনা চরমে উঠেছে। পুলিশি ব্যবহারের বিরুদ্ধে সরব হয়েছে বামফ্রন্ট নেতৃত্ব।
বুধবার সকালেই ১০টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ডাকে সর্বভারতীয় বনধে সামিল হয়েছিলেন বামপন্থীরা। দক্ষিণ দিনাজপুরের বংশীহারীতেও বনধে পিকেটিংয়ে অংশ নেন সিপিএম কর্মী-সমর্থকেরা। সেখানেই ঘটে যায় অস্বাভাবিক এক ঘটনা। স্থানীয় সিপিএম এরিয়া কমিটির সদস্য মাজেদার রহমানকে প্রকাশ্যে চড় মারেন থানার ভারপ্রাপ্ত আধিকারিক (আইসি) অসীম গোপ।
প্রত্যক্ষদর্শীরা জানান, পিকেটিং চলাকালীন আইসি অসীম গোপ ঘটনাস্থলে গিয়ে বলেন, “পিকেটিং করতে পারেন, তবে যান চলাচল বন্ধ করা যাবে না।” উত্তরে সিপিএম নেতা মাজেদার রহমান জানান, তাঁরা বনধ কর্মসূচি চালিয়ে যাবেন। এরপর দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়। হঠাৎ করেই আইসি অসীম গোপ বাঁ হাতে সপাটে চড় মারেন মাজেদারকে। তারপর তাঁকে পুলিশ ভ্যানে তুলে থানায় নিয়ে যাওয়া হয়।
ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে সিপিএম নেতৃত্ব। দলের বংশীহারী এরিয়া কমিটির সম্পাদক বাবলুচন্দ্র দে বলেন, “এই ধরনের আচরণ সম্পূর্ণ অসাংবিধানিক ও পুলিশি গুন্ডামির নিদর্শন। আইসি আসলে শাসকদলের হয়ে কাজ করছেন। এর পেছনে উপরমহলের প্রশ্রয় রয়েছে।”
সিপিএমের তরফে জানানো হয়েছে, এই ঘটনার লিখিত অভিযোগ জেলা পুলিশ সুপারের কাছে জমা দেওয়া হবে। প্রয়োজনে রাজ্য প্রশাসনের উচ্চপর্যায়ে যোগাযোগ করে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে দল।
এদিকে ঘটনার পর বংশীহারীর রাস্তায় জড়ো হন বহু সিপিএম কর্মী-সমর্থক। তাঁরা স্লোগান তোলেন— “পুলিশ তুমি উর্দি ছাড়ো, তৃণমূলের পতাকা ধরো”। মুহূর্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়।
অন্যদিকে, এই ঘটনার বিষয়ে এখনও পর্যন্ত কোনও সরকারি প্রতিক্রিয়া মেলেনি পুলিশের তরফে। তবে গোটা বিষয়টিকে কেন্দ্র করে জেলা তথা রাজ্যের রাজনৈতিক পরিবেশ আরও উত্তপ্ত হয়ে উঠেছে।


