Sunday, March 15, 2026
দেশ

দিল্লি বিশ্ববিদ্যালয়ে হিন্দুদের ইতিহাস পড়ানো হবে

কলকাতা ট্রিবিউন ডেস্ক: দিল্লি বিশ্ববিদ্যালয়ে হিন্দুদের ইতিহাস সম্পর্কে পড়ানো হবে। সেই লক্ষ্যে ১৭ সদস্যের প্যানেল গঠন করা হয়েছে। ১৭ সদস্যের প্যানেলের নেতৃত্বে থাকবেন দক্ষিণ দিল্লি ক্যাম্পাসের ডিইউ ডিরেক্টর প্রকাশ সিং। এই সিদ্ধান্ত ঘিরে বিতর্ক সৃষ্টি হয়েছে। বিরোধীরা এর তীব্র বিরোধিতা করেছেন।

সংবাদ সংস্থা পিটিআইকে প্রকাশ সিং বলেছেন, “ভারত জুড়ে প্রায় ২৩ টি বিশ্ববিদ্যালয় রয়েছে যেখানে হিন্দু স্টাডিজ়ের বিভিন্ন পাঠক্রম রয়েছে। এই পরিপেক্ষিতে দিল্লি বিশ্ববিদ্যালয় মনে করে, এখানেও হিন্দু অধ্যয়নের একটি কেন্দ্র থাকা উচিত।”

প্রকাশ সিং বলেছেন, “আমাদের বৌদ্ধ অধ্যয়নের জন্য একটি কেন্দ্র আছে কিন্তু হিন্দু অধ্যয়নের কেন্দ্র নয়। আমরা ভামলাম যে হিন্দু অধ্যয়নের জন্য একটি কেন্দ্র খোলা সম্ভব কি না। প্যানেল প্রাথমিকভাবে কেন্দ্রের কার্যকারিতা যাচাইয়ের দিকে মনোনিবেশ করবে এবং তারপর সেই অনুযায়ী কোর্স চালু করবে।”

প্রকাশ সিং জানান, “প্রথমে আমরা স্নাতকোত্তর এবং গবেষণা কোর্স চালু করব এবং পরে আমরা স্নাতক কোর্স চালু করতে পারি। কমিটি সিদ্ধান্ত নেবে কয়টি কোর্স চালু করা হবে এবং এ বছর কোর্স চালু করা হবে কি না। প্যানেলটি অদূর ভবিষ্যতে একাডেমিক কাউন্সিলের সামনে কাঠামো উপস্থাপন করার পরিকল্পনা করেছে।”

তবে, একাডেমিক কাউন্সিলের একজন সদস্য এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, “অন্যান্য শিখ, মুসলিম এবং অন্যান্য কেন্দ্রগুলি কোথায়। বিশ্ববিদ্যালয়কে অবশ্যই এই অন্যান্য ধর্মের জন্য কোর্স খুলতে হবে।” 

প্রকাশ সিং বলেন, “হিন্দু একটি জীবনধারা। ধর্ম তার একটা দিক মাত্র, আমাদের হাজার বছরের ইতিহাস আছে। কেন্দ্র এই দিকে মনোনিবেশ করবে।” – India Today