Thursday, February 26, 2026
রাজ্য​

পুজোর পরেই পশ্চিমবঙ্গে কনস্টেবল নিয়োগ, সিভিক ভলান্টিয়ারদের জন্য থাকছে বিশেষ ‘কোটা’

কলকাতা ট্রিবিউন ডেস্ক: আগামী বছর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন। তার আগে পুলিশের কনস্টেবল নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। বিশেষভাবে এবারের নিয়োগ পরীক্ষায় প্রথমবারের মতো সুযোগ দেওয়া হচ্ছে সিভিক ভলান্টিয়ার, ভিলেজ পুলিশ এবং অন্যান্য সহযোগী পুলিশকর্মীদের। তাঁদের জন্য বরাদ্দ করা হয়েছে বিশেষ কোটা।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সহযোগী পুলিশকর্মীদের জন্য কনস্টেবল পদে ১৫ শতাংশ কোটা নির্ধারণ করা হয়েছে। সেই সঙ্গে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ৩৫ বছর। এর ফলে বহু বছর ধরে ভলান্টিয়ার ও সহকারী পুলিশের দায়িত্ব পালন করা কর্মীরা এবার স্থায়ী চাকরির সুযোগ পাবেন। এর আগে, নিয়ম অনুযায়ী এই শ্রেণির কর্মীরা সরাসরি কনস্টেবল নিয়োগ পরীক্ষায় অংশ নিতে পারতেন না, যা নিয়ে বহু দিন ধরে অসন্তোষ সৃষ্টি হয়েছিল।

এই উদ্যোগের পেছনে পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দীর্ঘদিন ধরে তারা সহযোগী কর্মীদের দাবি নিয়ে স্বরাষ্ট্র দফতরের সঙ্গে আলোচনা করে আসছিল। পাশাপাশি অনলাইন প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে, যাতে কর্মীরা নিজ নিজ বাড়ি থেকেই পরীক্ষার প্রস্তুতি নিতে পারেন। ইতোমধ্যে এই প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়ে গেছে।

ওয়েলফেয়ার কমিটির এক কর্তা বলেন, “সহযোগী কর্মীরা বহু বছর ধরে নানা দায়িত্ব পালন করেছেন নিষ্ঠার সঙ্গে। এবার তাঁদের জন্য স্থায়ী চাকরির দরজা খুলছে। আমরা আশা করছি, যত বেশি সম্ভব কর্মী এই সুযোগ কাজে লাগাবেন।”

পুজোর পরে নভেম্বর মাসেই অনুষ্ঠিত হতে পারে এই কনস্টেবল নিয়োগ পরীক্ষা।