Saturday, December 13, 2025
Latestদেশ

দিল্লি গাড়ি বিস্ফোরণের ঘটনাকে জঙ্গি হামলা ঘোষণা করলো কেন্দ্রীয় সরকার 

কলকাতা ট্রিবিউন ডেস্ক: রাজধানীতে ঘটে যাওয়া ভয়াবহ গাড়ি বিস্ফোরণের ঘটনাকে জঙ্গি হামলা হিসেবে ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। বুধবার প্রধানমন্ত্রীর বাসভবনে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই বিষয়ে প্রস্তাব গৃহীত হয়। বৈঠকের শুরুতেই দিল্লি বিস্ফোরণে নিহতদের স্মরণে দুই মিনিট নীরবতা পালন করা হয়।

ক্যাবিনেটের বৈঠকে কেন্দ্রীয় সরকার স্পষ্ট জানায়, এই বিস্ফোরণ শুধুমাত্র একটি অপরাধ নয়, বরং এটি ভারতের শান্তি, ঐক্য ও সার্বভৌমত্বের উপর সরাসরি আঘাত। মন্ত্রিসভার তরফে নির্দেশ দেওয়া হয়েছে, হামলার সঙ্গে যুক্ত প্রত্যেক ব্যক্তিকে দ্রুত চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নিতে হবে। তদন্তকারী সংস্থাগুলিকে বলা হয়েছে, প্রত্যেক স্তরে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

বৈঠকে ফের একবার পুনর্ব্যক্ত করা হয় কেন্দ্রীয় সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি—যেখানে সন্ত্রাসবাদ, জঙ্গি অর্থায়ন বা এর কোনও সহায়ক নেটওয়ার্কের প্রতি কোনও রকম সহনশীলতা দেখানো হবে না।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, দিল্লি বিস্ফোরণের আগে ফরিদাবাদে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার হওয়া এবং একাধিক জায়গা থেকে সন্দেহভাজন জঙ্গিদের গ্রেপ্তার হওয়া—এই ঘটনাগুলির সঙ্গে একই চক্র জড়িত থাকতে পারে। তদন্তকারীদের সেই যোগসূত্র খতিয়ে দেখতে নির্দেশ দেওয়া হয়েছে।

এই ঘটনার পর একাধিক দেশ ভারতের পাশে থাকার বার্তা দিয়েছে। দিল্লি বিস্ফোরণের নিন্দা জানিয়ে বিদেশি রাষ্ট্রগুলির প্রতিক্রিয়ার জন্য তাদের ধন্যবাদ জানিয়েছে কেন্দ্রীয় সরকার।

ক্যাবিনেটের বক্তব্য অনুযায়ী, যারা এই জঙ্গি কার্যকলাপে অর্থ, প্রশিক্ষণ বা লজিস্টিক সাহায্য দিচ্ছে—সবাইকে কঠোর হাতে দমন করা হবে। জাতীয় নিরাপত্তা এবং নাগরিকদের সুরক্ষাকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে বলেও জানানো হয়েছে।

দেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। গোয়েন্দা সংস্থাগুলি ইতিমধ্যেই সীমান্ত ও গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি বৃদ্ধি করেছে। কেন্দ্রীয় সূত্রের মতে, এই ঘটনার পর সন্ত্রাসবিরোধী অভিযান আরও তীব্র করা হবে।