যোগী রাজ্যের কলেজে বোরখা পরায় নিষেধাজ্ঞা
কলকাতা ট্রিবিউন ডেস্ক: কর্ণাটকের হিজাব বিতর্কের মধ্যেই এবার যোগী রাজ্য উত্তরপ্রদেশে বোরখা পরা নিয়ে বিবাদ শুরু হলো। উত্তরপ্রদেশের মোরাদাবাদে অবস্থিত কলেজটি। কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি জারি করে বলেছে, পড়ুয়ারা শুধুমাত্র নির্ধারিত ইউনিফর্ম পরে কলেজ ক্যাম্পাসে ঢুকতে পারবে। বোরখা বা অন্য কিছু পরা যাবে না। তবে ওই কলেজের অনেক মুসলিম ছাত্রী এই সিদ্ধান্তে আপত্তি জানিয়েছে। তাদের দাবি, তাদের বোরখা পরে ক্লাসে ঢুকতে দিতে হবে।
কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, কলেজের গেটে পোশাক পরিবর্তনের জন্য রুম আছে। মেয়েরা সেখানে পোশাক বদলে ইউনিফর্ম পরে পরিবেশ করতে পারে। কিন্তু মুসলিম ছাত্রীরা এই সিদ্ধান্তে রাজি নয়। তাদের বক্তব্য, তারা স্বেচ্ছায় বোরখা পরে। এটা তাদের উপর চাপিয়ে দেওয়া হয়নি। বহু পুরনো এই কলেজে পোশাক নিয়ে বিধিনিষেধ পূর্বে ছিল না।
এদিকে, কলেজ কর্তৃপক্ষের সিদ্ধান্তের বিরুদ্ধে ছাত্রীদের সমর্থনে বিক্ষোভ আন্দোলনে শামিল হয় স্থানীয় এমপি ও সমাজবাদী পার্টি। কলেজ কর্তৃপক্ষকে স্মারকলিপি দিয়েছেন তারা।

