বাংলায় রাস্তা বানানোর দরকার নেই, আমরাই বানিয়ে নেব: মমতা
কলকাতা: পশ্চিমবঙ্গে রাস্তা বানানোর দরকার নেই। যাও এই টাকাটা কৃষকদের গিয়ে দাও। বাংলায় আমরা রাস্তা অনেক বানিয়েছে। বাকি রাস্তা আমরাই বানিয়ে নেব। এভাবেই কেন্দ্রের মোদীর সরকারের বাজেটকে কটাক্ষ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিকেলে উত্তরবঙ্গ উৎসবের মঞ্চ থেকে কেন্দ্রীয় বাজেটের তুমুল সমালোচনা করে মুখ্যমন্ত্রী বলেন, এই বাজেট ভেকধারী সরকারের ফেকধারী বাজেট। মমতার অভিযোগ, দেশকে বিক্রি করে দেওয়ার চেষ্টা করছে এই সরকার।
মমতা বলেন, তোমরা আবার কি করবে? আমরা তো করে দিয়েছি। সবটাই রেডি আছে। নতুন করে কলকাতা শিলিগুড়ি কী করবে? বাঙালকে হামাগুড়ি শেখাচ্ছো? মুখ্যমন্ত্রী বলেন, ৩,২০০ কোটি টাকার অলরেডি করিডর হচ্ছে। এশিয়ান হাইওয়ে হয়ে গেছে। কুচবিহারে আমরা এয়ারপোর্ট কানেকটিভিটি করে দিয়েছি। মালদায় করে দিয়েছি, বালুরঘাটে করে দিয়েছি। পাঁশকুড়া থেকে বর্ধমান হয়ে আরও একটা পথে দক্ষিণ বঙ্গ – উত্তরবঙ্গকে জোড়া হচ্ছে।
কেন্দ্রীয় সরকারকে কড়া আক্রমণ করে তিনি বলেন, কি করে করেছে বাজেট। ভগবান জানে। এতো আমার মনে হয়। ভেকধারী সরকারের ফেকধারী বাজেট। সব বিক্রি করে দিচ্ছে। অনেক ব্যাঙ্ক বন্ধ করে দিয়েছে। ব্যাঙ্কে টাকা রাখুন। সব খেয়ে চলে যাবে। কোনদিন সকালে উঠে শুনবেন, নোটবন্দির মতো ব্যাঙ্কও বন্দি করে দিয়েছে। ব্যাঙ্কে টাকা নেই।
মুখ্যমন্ত্রী বলেন, হুক্কাহুয়া প্রোজেক্ট। রেল প্রাইভেটাইজেশন, BSNL টোটাল বেসরকারিকরণ। এয়ার ইন্ডিয়া টোটাল প্রাইভেটাইজেশন। যত PSU আছে সব প্রাইভেটাইজেশন। কেন্দ্রের সরকারি চাকুরীজীবিদের কারও চাকরি সুরক্ষিত নয়। কারণ এই সরকার সব বিক্রি করে দিচ্ছে। তিনি বলেন, বাংলায় রাস্তা বানানোর দরকার নেই। কৃষকরা বসে আছে, এই টাকাটা তাঁদের দাও। ওরা বলছে রাস্তা বানাবো। কোনও প্রয়োজন নেই। আমরাই বানিয়ে নেব।


