৮৯ জন অনুপ্রবেশকারী বাংলাদেশিকে পুশব্যাক করলো BSF
কলকাতা ট্রিবিউন ডেস্ক: ভারতে অবৈধভাবে বসবাসের অভিযোগে ৮৯ জন বাংলাদেশি নাগরিককে নিজ দেশে ফেরত পাঠাল সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বাহিনী সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে ভারতের বিভিন্ন রাজ্যে অবৈধভাবে বসবাস করছিলেন তারা। ধরা পড়ার পর শুরু হয় আইনি প্রক্রিয়া, যা সম্প্রতি সম্পন্ন হয়েছে। এরপর পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)-এর হাতে তুলে দেওয়া হয়।
বিএসএফ সূত্রে খবর, বিজিবি-র কুষ্টিয়া ৪৭ ব্যাটেলিয়নের অধীনস্থ কাথুলি সীমান্ত দিয়ে ৩০ জন, মেহেরপুর জেলার গাংনি উপজেলার কাজিপুর সীমান্ত দিয়ে আরও ৩০ জন এবং চুয়াডাঙ্গা ৬ ব্যাটেলিয়নের অধীনস্থ মুজিবনগর সীমান্ত দিয়ে বাকি ২৯ জন— সব মিলিয়ে মোট ৮৯ জন বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠানো হয়েছে।
শনিবার দিনভর সীমান্তের বিভিন্ন স্থানে বিএসএফ এবং বিজিবি-র মধ্যে কমান্ডার পর্যায়ে একাধিক বৈঠক হয়। বিএসএফ-এর ১১ ও ১৬১ ব্যাটেলিয়নের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অংশ নেন বিজিবি-র কুষ্টিয়া ৪৭ এবং চুয়াডাঙ্গা ৬ ব্যাটেলিয়নের কর্মকর্তারা।
বাহিনী সূত্রের খবর, নদিয়ার তেহট্ট সীমান্তের টেইপুর এলাকায় বিএসএফ-এর ৫৬ ব্যাটেলিয়নের কোম্পানি কমান্ডার এসি আনচ কুমার এবং মেহেরপুর জেলার গাংনি উপজেলার কাথুলি কোম্পানির কমান্ডার সুবেদার মিজানুর রহমানের মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকের পর ৩০ জন বাংলাদেশি নাগরিককে প্রয়োজনীয় নথিপত্র-সহ বিজিবি-র হাতে তুলে দেওয়া হয়।
বিএসএফ জানিয়েছে, নিয়মিত সীমান্ত টহল এবং গোয়েন্দা নজরদারির ফলেই এই অবৈধভাবে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা সম্ভব হয়েছে। সীমান্তে নিরাপত্তা ও মানবিক দৃষ্টিকোণ দু’দিক বজায় রেখেই এই হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে বলেও জানিয়েছে BSF.


