বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলেই ইসলামপুরের নাম বদলে ঈশ্বরপুর রাখা হবে: নিতিন নবীন
কলকাতা ট্রিবিউন ডেস্ক: বাংলার সঙ্গে প্রতারণা হয়েছে—অভিযোগ তুলে বিধানসভা নির্বাচনে পরিবর্তনের ডাক দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। সোমবার উত্তর দিনাজপুরের ইসলামপুরে সভা করে একগুচ্ছ প্রতিশ্রুতি দেন তিনি। বক্তব্যের শুরুতেই তাঁর প্রথম ঘোষণা—ইসলামপুরের নাম পরিবর্তন করে ‘ঈশ্বরপুর’ করা হবে।
সভায় নিতিনের দাবি, বাংলার সঙ্গে দীর্ঘদিন ধরে প্রতারণা হয়েছে। তাঁর কটাক্ষ, রাজ্যে দুর্নীতি ও ঘুষের সরকার চলছে। ভাতা প্রসঙ্গ তুলে তিনি বলেন, সরকারি প্রকল্পে স্বচ্ছতার অভাব রয়েছে। নারী নিরাপত্তা ও কর্মসংস্থান নিয়েও প্রশ্ন তোলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি।
নিতিনের বক্তব্যে উঠে আসে সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রসঙ্গও। তাঁর অভিযোগ, বঙ্কিমচন্দ্রকে প্রাপ্য সম্মান দেয়নি বর্তমান রাজ্য সরকার। একই সঙ্গে তৃণমূল সরকারের পাশাপাশি বামপন্থীদেরও রাজ্য পরিচালনায় ব্যর্থ বলে দাবি করেন তিনি।
বিজেপি ক্ষমতায় এলে ‘সোনার বাংলা’ গড়ার আশ্বাস দেন নিতিন। তাঁর কথায়, ডাবল ইঞ্জিন সরকার এলে উন্নয়ন ত্বরান্বিত হবে, নারী নিরাপত্তা জোরদার হবে এবং কর্মসংস্থানের সুযোগ বাড়বে। তবে রাজনৈতিক প্রতিশ্রুতির ভিড়ে সবচেয়ে বেশি চর্চায় আসে ইসলামপুরের নাম পরিবর্তনের ঘোষণা।
উল্লেখ্য, ইসলামপুরের নাম বদলে ‘ঈশ্বরপুর’ করার দাবি এই প্রথম নয়। গত ১৮ জুলাই মহারাষ্ট্র সরকারের তরফে সামলি জেলার ইসলামপুরের নাম ‘ঈশ্বরপুর’ করার ঘোষণা করা হয়েছিল। ২০১৮ সালেও উত্তর দিনাজপুরের ইসলামপুরে অবস্থিত বিশ্ব হিন্দু পরিষদের কার্যালয়ে বেসরকারিভাবে ‘ঈশ্বরপুর’ নাম ব্যবহার করা হয়। ‘সরস্বতী শিশু মন্দির ও বিদ্যামন্দির’-এর সাইনবোর্ডেও সেই নাম দেখা গিয়েছিল।
এবার বিজেপির ‘পরিবর্তন যাত্রা’র মঞ্চ থেকে ফের সেই নাম পরিবর্তনের ডাক দিলেন নিতিন।
রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে—নাম পরিবর্তনের এই ইস্যু কতটা প্রভাব ফেলবে উত্তর দিনাজপুরের ভোট-সমীকরণে। বিজেপির দাবি, এটি সাংস্কৃতিক পুনরুদ্ধারের পদক্ষেপ। অন্যদিকে বিরোধীদের মতে, এটি নির্বাচনী কৌশল।


