Friday, May 1, 2026
দেশ

মিজোরাম-অসম সীমান্ত সমস্যা সমাধানে বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি: অসম-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানে সোমবার মিজোরামের রাজ্যপাল হরিবাবু কামভামপতির সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুই রাজ্যের সীমান্ত সংঘাতের বিষয়ে বিস্তারিত রিপোর্ট প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন তিনি। সীমান্ত সংঘাতের বিষয়টিকে অত্যন্ত দুঃখজনক বলে প্রধানমন্ত্রীকে জানান হরিবাবু।

এরই মধ্যে মিজোরামের অভিযোগ, তাদের রাজ্যে ঔষধ সরবরাহ বন্ধ করে দিয়েছে অসম। দুই রাজ্যের মধ্যে সংঘাত দূর করতে এবার অসমের সাংসদদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিমধ্যেই শান্তিপূর্ণ সমাধানে অসম ও মিজোরামের মুখ্যমন্ত্রীর সাথে কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শীঘ্রই অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এবং মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গার সঙ্গে বৈঠক করবেন তিনি।

উল্লেখ্য, গত ২৬ জুলাই সীমান্ত সংঘাতে জড়িয়ে পড়ে অসম ও মিজোরাম। দুই রাজ্যের আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর মধ্যে খণ্ডযুদ্ধ বেধে যায়। সংঘর্ষে নিহত হয় অসম পুলিশের ৬ কর্মী।

পরিস্থিতি সামাল দিতে দুই রাজ্যের সাথে যোগাযোগ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। কিন্তু তাতেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে এফআইআর দায়ের করে মিজোরাম পুলিশ। ভারতীয় দণ্ডবিধির অস্ত্র আইন এবং মিজোরাম কনটেনমেন্ট অ্যান্ড প্রিভেনশন অব কোভিড-১৯ অ্যাক্ট ২০২০, খুনের চেষ্টা-সহ একাধিক ধারার মামলা দায়ের করা হয়েছিল। এবার পরিস্থিতি সামাল দিতে আসরে নামলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।