Bihar jewellery shops: চুরি রুখতে বিহারে সোনার দোকানে হিজাব, নিকাব, স্কার্ফ, হেলমেট পরে প্রবেশে নিষেধাজ্ঞা
কলকাতা ট্রিবিউন ডেস্ক: সোনার দাম বাড়ছে লাফিয়ে লাফিয়ে। তার উপরে বিয়ের মরশুম। এদিকে দেশজুড়ে সোনার দোকানে চুরির ঘটনা বাড়তে থাকায় বাড়তি উদ্বেগে সোনা ব্যবসায়ীরা। এই আবহে গোটা দেশের মধ্যে প্রথমবার বিহারে সোনার গয়না কেনার সময় ক্রেতাদের পোশাক নিয়ে কড়া বিধিনিষেধ জারি করা হল।
নতুন নিয়ম অনুযায়ী, বিহারের কোনও সোনার দোকানে মুখ ঢেকে প্রবেশ করা যাবে না। বোরখা, হিজাব, নিকাব, স্কার্ফ কিংবা হেলমেট পরে সোনার দোকানে ঢোকার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পুরোপুরি মুখ দেখা না গেলে, কোনও ক্রেতাকেই সোনার দোকানে প্রবেশ করতে দেওয়া হবে না। মুখ সম্পূর্ণ দৃশ্যমান থাকলেই সোনা কেনার অনুমতি মিলবে।
অল ইন্ডিয়া জুয়েলার্স অ্যান্ড গোল্ড ফেডারেশনের নির্দেশিকা মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফেডারেশনের তরফে জানানো হয়েছে, চলতি বছরের জানুয়ারি মাস থেকেই বিহারে এই বিধিনিষেধ কার্যকর হয়েছে।
ফেডারেশনের বিহার রাজ্য সভাপতি অশোক কুমার বর্মা জানান, সাম্প্রতিককালে একাধিক চুরির ঘটনায় দেখা গিয়েছে, দুষ্কৃতীরা হেলমেট বা মুখ ঢেকে সোনার দোকানে প্রবেশ করছে। বেশিরভাগ ক্ষেত্রেই সেই সুযোগ নিয়েই চুরির ঘটনা ঘটছে। তিনি স্পষ্ট করে বলেন, “হিজাব বা বোরখা পরায় কোনও নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে না। কিন্তু সোনার দোকানে ঢোকার আগে মুখ পুরোপুরি দেখাতে হবে।” এই নিয়ম নারী ও পুরুষ—উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য।
অশোক কুমার বর্মা আরও জানান, “পাটনার পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠকের পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং পুলিশের তরফে এতে কোনও আপত্তি জানানো হয়নি।”


