‘কোনও উন্নতি হয়নি!’ অভিযোগ তুলে গোটা গ্রাম তৃণমূল ছেড়ে যোগ দিল বিজেপিতে
কলকাতা ট্রিবিউন ডেস্ক: সামনেই রাজ্যে পঞ্চায়েত ভোট। তার আগে অস্বস্তিতে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। বাঁকুড়ার (Bankura) জঙ্গলমহলে তৃণমূলের আদিবাসী ভোট ব্যাঙ্কে বিরাট ধস নামলো। গোটা একটা গ্রামের মানুষ তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। স্থানীয় বিজেপি নেতা বিবেকানন্দ পাত্রর নেতৃত্বে বিজেপিতে যোগ দেন তাঁরা।
বাঁকুড়ার রাইপুর ব্লকের ঢেকো গ্রাম পঞ্চায়েতের শালবনি গ্রামের মানুষজন গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন। তাদের অভিযোগ, দীর্ঘদিন তৃণমূল করেও শালবনি গ্রামে তেমন কোনও উন্নয়নই হয়নি। নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছেন তাঁরা। তাই ক্ষোভে-অভিমানেই বিজেপিতে যোগ দিয়েছেন তাঁরা।
বিজেপির দাবি, মানুষ এতদিনে বুঝে গেছে তৃণমূল চুরি-জোচ্চুরির দল। বিজেপিই আদিবাসীদের প্রকৃত বন্ধু।
এদিকে, এই বিরাট ধসের কথা স্বীকার করে নিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তাদের দাবি, আদিবাসী সেলের এক নেতার দুর্ব্যবহারের কারণে এমনটা হতে পারে। বিষয়টি পর্যালোচনা করে দেখা হচ্ছে।

