Wednesday, May 6, 2026
Latestদেশ

আরও ১৯ জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে পুশব্যাক করলো অসম

কলকাতা ট্রিবিউন ডেস্ক: অসমের নিরাপত্তা বাহিনী আরও ১৯ জন অবৈধ অনুপ্রবেশকারীকে আটক করে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে। রবিবার (২১ ডিসেম্বর) মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এই তথ্য জানিয়েছেন।

মুখ্যমন্ত্রী বলেন, অসম পুলিশ এবং সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) নাগাঁও এবং কার্বি আংলং জেলায় যৌথ অভিযানে এই ব্যক্তিদের গ্রেপ্তার করে। অনুপ্রবেশকারীদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে।

হিমন্ত বিশ্বশর্মা বলেন, রাজ্য সরকার অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছে। সতর্ক করে দিয়েছেন যে অসমে অবৈধভাবে বসবাস করতে দেওয়া হবে না।

অসম প্রতি সপ্তাহে প্রায় ৩৫ থেকে ৪০ জন অবৈধ অভিবাসীকে বহিষ্কার করছে বলে জানা গেছে। অসম মন্ত্রিসভা অক্টোবরে অভিবাসী (অসম থেকে বহিষ্কার) আইন, ১৯৫০ এর অধীনে একটি স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি (SOP) খসড়া করার প্রস্তাব অনুমোদন করে।

এই SOP-এর উদ্দেশ্য হল জেলা কমিশনার এবং সিনিয়র পুলিশ সুপারিনটেনডেন্টদের যাতে বহিষ্কার প্রক্রিয়া দ্রুততর করতে পারে এবং প্রতিবেশী দেশগুলি থেকে অনুপ্রবেশ রোধ করা।

বিশেষ করে হাসিনার পতনের পর বাংলাদেশে অস্থিরতা বিরাজ করেছে। এই পরিস্থিতিতে বিএসএফ ১,৮৮৫ কিলোমিটার দীর্ঘ ভারত-বাংলাদেশ সীমান্তে নজরদারি জোরদার করেছে।

অসম পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, অবৈধভাবে সীমান্ত পারাপার বন্ধে সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

কর্মকর্তারা আরও জানিয়েছেন, অবৈধ অনুপ্রবেশকারীদের আটক করে আইনি বিধান অনুসারে পুশব্যাক করা হবে।